হাইকোর্টের আদেশ রমজানে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে

পবিত্র রমজান উপলক্ষে আগামী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে সব সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা এসেছে উচ্চ আদালত থেকে। এ-সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ আদেশ দেয়। গত ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল এ রিট আবেদনটি করেন। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান। অ্যাডভোকেট ইলিয়াস আলী ম-ল দেশ রূপান্তরকে বলেন, পবিত্র রমজান মাসে ছুটি উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্ত অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান মাস এমপিওভুক্ত/ইবতেদায়ি মাদ্রাসা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। অন্যদিকে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি-সংক্রান্ত চিঠিতে ৮ মার্চ থেকে বন্ধ শুরু হবে বলে উল্লেখ করা হয়। রিট আবেদনের যুক্তিতে এ আইনজীবী বলেন, রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা দীর্ঘদিনের প্রথা। তবে, শিক্ষাব্যবস্থার কথা চিন্তা করে রমজানে কখন কোন সময় থেকে বন্ধ থাকবে এটা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় হলেও একই বিষয়ে দুই ধরনের চিঠিতে পৃথক সময়ে স্কুল, মাদ্রাসা বন্ধ রাখা বৈষম্যমূলক। তিনি বলেন, সরকারের কোনো বিষয় বৈষম্যমূলক বা সংবিধানবিরোধী কাজ হলে হাইকোর্টের হস্তক্ষেপ করতে পারে আমাদের এমন যুক্তি শুনে হাইকোর্ট বলেছে, ৮ মার্চ থেকে নয়, ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে। এর মানে হলো পুরো রমজান মাসে মাদ্রাসা এবং মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২০২৬ সালে সরকারি/বেসরকারি এমপিওভুক্ত/ইবতেদায়ি মাদ্রাসার ছুটির খসড়া তালিকা অনুযায়ী, পবিত্র রমজান উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে। অন্যদিকে গত বছরের ২৮ ডিসেম্বর সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী রমজান উপলক্ষে ৮ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটির কথা উল্লেখ করা হয়।