গেজেট নিয়ে অভিযোগ থাকলে হাইকোর্টে যাওয়ার পরামর্শ ইসির

ভোটের ফলে গেজেট প্রকাশ নিয়ে কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্টদের হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, আইন অনুযায়ী নির্বাচন-সংক্রান্ত অভিযোগ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করা সম্ভব। গতকাল রবিবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার জানান, ১১ দলীয় জোটের প্রতিনিধিদের বক্তব্য নির্বাচন কমিশন মনোযোগ দিয়ে শুনেছে। তারা কিছু সমস্যার কথা তুলে ধরেছেন, যা বিচার-বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জামায়াতের দাবির বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, ‘গেজেট তড়িঘড়ি প্রকাশ হয়নি। বরং আইনের ভেতর থেকেই, নিয়ম অনুযায়ী যথাসময়ে প্রকাশ করা হয়েছে। প্রযুক্তির যুগে আর স্মার্টভাবে প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছিল। আরও আগে প্রকাশ করা গেলে আরও ভালো হতো।’

অভিযোগের বিষয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবার ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ছিল স্বচ্ছ। সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হয়েছে পরিস্থিতি পযবেক্ষণে। সবকিছু ছিল আয়নার মতো পরিষ্কার। যখন যে অভিযোগ আমাদের দৃষ্টিতে এসেছে, শতভাগ অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং সমাধান করেছি। আইনগত দাবির বিষয়ে বিচার বিশ্লেষণের দরকার রয়েছে। নির্বাচনসংশ্লিষ্ট অভিযোগ থাকলে তারা হাইকোর্টের শরণাপন্ন হলে সে অনুযায়ী সিদ্ধান্ত হবে।