পটুয়াখালীর বাউফলে পুকুর থেকে রাকিব মৃধা নামের এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. রাকিব (২৫) ওই ইউনিয়নের মহাস্রাদ্দি গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে। তিনি মুন ও চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার পরিচালনা করতেন।
স্থানীয়দের বরাতে বাউফল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর জানান, ১৫ ফেব্রুয়ারি বিকেলেও তাকে এলাকায় দেখা গেছে। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি। রবিবার সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। কবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। বিকেলে স্থানীয়রা ভাসমান মরদেহের দেখতে পেয়ে পরিবারকে জানালে তারা মরদেহ শনাক্ত করে। এরপর থানায় খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মৃত্যুর সঠিক কারণ জানতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে বলে জানান তিনি।