৩দিন ধরে নিখোঁজ

ক্ষেতের পানিতে ভেসে ছিল যুবকের মরদেহ

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১২:০৩ পিএম

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের তিনদিন পর আলি হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মহাদেবপর গ্রামে নিজ বাড়ির পাশে ক্ষেতের পানিতে ভসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত আলি হোসেন (২২) ওই গ্রামের আব্দুল আহাদের ছেলে, পেশায় রাজমিস্ত্রি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, প্রায় তিনদিন আগে বাড়ি থেকে হরষপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে আলি হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি তার বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সন্ধান চেয়ে একাধিক পোস্টও করেন। সোমবার সকালে বাড়ির পাশের একটি ক্ষেতে বর্ষার পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মাধবপুর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত