যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে ভার্জিনিয়ার নির্বাচনী মানচিত্র পুনর্নির্ধারণে কোটি কোটি ডলার ব্যয় করতে প্রস্তুত ডেমোক্রেটিক পার্টি। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের শীর্ষ ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস জানিয়েছেন, এ উদ্যোগ সফল করতে দলটি যা যা প্রয়োজন তাই করবে। গত রবিবার সিএনএনের এক অনুষ্ঠানে তিনি বলেন, এপ্রিলে ভার্জিনিয়ায় অনুষ্ঠেয় গণভোটে ডেমোক্র্যাট-সমর্থিত প্রস্তাব পাস হলে প্রতিনিধি পরিষদে দলটি অতিরিক্ত চারটি আসন পেতে পারে। ভার্জিনিয়া ও মেরিল্যান্ডে নতুন নির্বাচনী মানচিত্র প্রণয়নের এ প্রচেষ্টা রিপাবলিকানদের অনুরূপ উদ্যোগের পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে প্রতিনিধি পরিষদে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে রিপাবলিকানরা। তারা ইতিমধ্যে টেক্সাস, মিসৌরি, ওহাইও ও নর্থ ক্যারোলিনায় নতুন সীমানা নির্ধারণ পরিকল্পনা পাস করেছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাট-সমর্থিত একটি পুনর্বিন্যাস প্রস্তাব ভোটাররা অনুমোদন করেছেন।