পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন। দলটির নবনির্বাচিত একাধিক এমপি বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা বলেছেন, নির্বাচনের আগে আমিরের দেওয়া ঘোষণা বাস্তবায়নে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরই মধ্যে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী, কুড়িগ্রাম-৩ আসনের এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহিসহ অনেকেই ট্যাক্স ফ্রি গাড়ি না নেওয়ার ঘোষণা দেন। তাছাড়া গতকাল এ নিয়ে একাধিক নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও দিয়েছেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জামায়াত নেতা মোহাম্মদ শিশির মনির ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। কুড়িগ্রাম-৩ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহিও একই ধরনের পোস্ট দেন।
তার পোস্ট শেয়ার করে হবিগঞ্জ-৪ আসনে জামায়াতের প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান লেখেন, ‘দুর্নীতির বীজ বপন করা আছে এই নিয়মের মধ্যে। জনগণের ট্যাক্স ফাঁকি দিয়ে গাড়ি এবং ভূমিহীনের ভোট নিয়ে ঢাকায় নিজের প্লট। কত সুন্দর দুর্নীতির বীজ বপন করে রেখেছে আইন করে। জামায়াতে ইসলামীর সবাই এ ঘোষণার মাধ্যমে দেশ থেকে দুর্নীতির একটা বীজ উপড়ানো সম্ভব হবে ইনশাআল্লাহ।’
এর আগে, গত বছরের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দেন, আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ২৯৯টি আসনে ভোট হলেও ফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। এর মধ্যে জামায়াত এককভাবে ৬৮টি আসনে জয়ী হয়। জোটের শরিকরা আরও ৯টি আসনে বিজয়ী হয়েছে। এর মধ্যে এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিশ দুটি এবং খেলাফত মজলিশ একটি আসনে জয়লাভ করে।