মোস্তাফিজের পর পাথিরানাকে হারাল নাইট রাইডার্স

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে ঘনাল দুশ্চিন্তার কালো মেঘ। রাজনৈতিক ইস্যুতে মোস্তাফিজুর রহমানকে আগেই ছেড়ে দিয়েছে কলকাতা। এবার ইনজুরিতে আক্রান্ত হয়েছেন মাথিশা পাথিরানা। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে জয় পাওয়া ম্যাচে মাত্র এক ওভার বোলিংয়ের পরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ফিজিওর সহায়তায় মাঠ ছাড়েন।

জানা গেছে, ‘বেবি মালিঙ্গা’ খ্যাত ২৩ বছর বয়সী লঙ্কান পেসার হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়েছেন। আইপিএল ২০২৬-এর নিলামে ১৮ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল নাইট রাইডার্স। সর্বশেষ খবরে জানা গেছে, লম্বা সময়ের জন্যই ছিটকে গেছেন পাথিরানা। ২০২৪ আসরে কলকাতার শিরোপা জয়ে তিনি ১৯ উইকেট নিয়েছিলেন। গত মৌসুমে নেন ১৫ উইকেট। এছাড়া হাঁটুর সার্জারি করানো হর্ষিত রানাকেও পুরো আসরে নাও পেতে পারে কলকাতা।

মোস্তাফিজসহ তিন পেসারকে হারিয়ে কলকাতার পেস আক্রমণ মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে বলে ধারণা বিশ্লেষকদের। দলের অন্য পেসার বৈভব অরোরা এবং কার্তিক ত্যাগি এখনও আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট খেলেননি। আরেক পেসার উমরান মালিকও বেশ চোটপ্রবণ। আগামী মার্চে আইপিএলের পরবর্তী আসর শুরু হওয়ার কথা। শক্তিশালী পেস আক্রমণ ছাড়া হয়তো ঘরের মাঠ ইডেন গার্ডেন্সের সুবিধাও নিতে পারবে না নাইটরা।