নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে ফাইনালে ভারতকে এবারো হারাতে পারলো না বাংলাদেশ। রবিবার থাইল্যান্ডের ব্যাংককের টেরধাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে ভারতের কাছে ৪৬ রানে হেরে টানা দ্বিতীয়বার রানার্সআপ হয়েছে মেয়েরা।
রাধা যাদবের নেতৃত্বে ভারতীয় দল ১৩৫ রান করেছিল প্রথমে ব্যাট করে। এই রান টপকে যাওয়ার জন্য যেমন ব্যাটিং করার দরকার ছিল, বাংলাদেশ ‘এ’ দল তা পারেনি। পারেনি পুরো ২০ ওভার খেলতেও। দ্রুত উইকেট হারানো এবং রানের চাকা মন্থর হয়ে যাওয়ার চাপে ১৯.১ ওভারে ৮৮ রানে গুটিয়ে যায়।
পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ইশমা তানজিমকে (৩) হারিয়ে ৩৬ রান তোলে বাংলাদেশের মেয়েরা। বিপদটা চেপেছে এরপরই। পরের ৪ ওভারে ১২ রান তুলতে আরও ২ উইকেট হারায় বাংলাদেশ এ দল। আউট হন আরেক ওপেনার শামীমা সুলতানা (২০) ও তিনে নামা শারমীন সুলতানা (১৮)। ১০ ওভার শেষে বাংলাদেশ ‘এ’ দলের স্কোর ছিল ৩ উইকেটে ৪৮।
কিন্তু পরবর্তী ৫৫ বলে ৪০ রানে বাকি ৭ উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। ২০ রানের জুটিও গড়তে পারেননি কেউ। সর্বোচ্চ ২৫ রানের জুটি এসেছে দ্বিতীয় উইকেটে শারমীন ও শামীমা ক্রিজে থাকতে। শেষ পর্যন্ত এ দুজনই ইনিংসে সর্বোচ্চ স্কোরার। ১৪ রান করেন অধিনায়ক ফাহিমা। ১২ রানে ৩ উইকেট নেন ভারত ‘এ’ দলের লেগ স্পিনার প্রেমা রাওয়াত।
ভারতের ইনিংসেও দাপট দেখান লেগ স্পিনার ফাহিমা। ২৫ রানে নেন ৪ উইকেট। পাওয়ার প্লেতে ভারতের স্কোর ছিল ৩২/১। ১০ ওভার শেষে দাড়ায় ৫৩/৪। কিন্তু পঞ্চম উইকেটে রাধা যাদব ও তেজাল হাসাবনিসের ৬৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। রাধা ৩৬ রানে আউট হলেও ৩৪ বলে ৫১ রানে অপরাজিত থেকে যান তেজাল। শেষ ওভারে তাঁর সহজ ক্যাচ ছাড়েন শারমিন।
২০২৩ সালে হংকংয়ে প্রথম টুর্নামেন্টে বাংলাদেশকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ‘এ’ দল: ২০ ওভারে ১৩৪/৭ (তেজাল ৫১*, রাধা ৩৬, দীনেশ ১৯; ফাহিমা ৪/২৫, ফাতেমা ১/১৯, ফারজানা ১/৩০)।
বাংলাদেশ ‘এ’ দল: ১৯.১ ওভারে ৮৮ (শামীমা ২০, শারমীন ১৮, ফাহিমা ১৪, সাদিয়া ১০; প্রেমা ৩/১২, তনুজা ২/১১, সোনিয়া ২/২১)।
ফল: ভারত ‘এ’ ৪৬ রানে জয়ী।
ম্যাচসেরা: তেজাল হাসাবনিস।