মাত্র ৫০ মিনিটে ২৬তম শিরোপা জিতলেন আলকারাজ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম

সহজ জয়ে কাতার ওপেন শিরোপা নিশ্চিত করেছেন স্পেনের বিশ্ব এক নম্বর টেনিস তারকা কার্লোস আলকারাজ। ফাইনালে তিনি ফ্রান্সের আর্থার ফিলসকে সরাসরি ৬–২, ৬-১ সেটে হারান। মাত্র ৫০ মিনিটে ম্যাচ শেষ করে ক্যারিয়ারের ২৬তম শিরোপা ঘরে তোলেন এই স্প্যানিশ তারকা।

দোহায় অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন আলকারাজ। শক্তিশালী সার্ভ, দ্রুত রিটার্ন ও ধারাবাহিক আক্রমণাত্মক শটে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি। ২৮ মিনিটে প্রথম সেট শেষ করা আলকারাজ খুব অল্প সময়েই ম্যাচ নিজের করে নেন। ম্যাচটি আলকারাজের ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম সময়ে শেষ হওয়া ফাইনাল।

শিরোপা জয়ের পর আলকারাজ বলেন, ‘আমি এ বছর আরও জয়ের ক্ষুধা নিয়ে এসেছি। প্রতিটি টুর্নামেন্টের পর নতুন লক্ষ্য স্থির করতে হয়। কোর্টে ও কোর্টের বাইরে দলের সঙ্গে যা করেছি, তাতে আমি ভীষণ খুশি ও গর্বিত। বছরের শুরুটা দারুণ হয়েছে। মানসিকভাবে শক্ত থাকতে হয়েছে। আমি এখন দারুণ টেনিস খেলছি এবং এই ট্রফি আমার কাছে অনেক মূল্যবান।’

এর আগে চলতি মাসেই অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করেন আলকারাজ। মেলবোর্নের পর এটিই ছিল তার প্রথম টুর্নামেন্ট। এখানেও শিরোপা জিতে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লেন তিনি। অন্যদিকে পরাজিত হওয়া ফিলস বলেন, ‘ইনজুরির কারণে আট মাস খুব কঠিন সময় গেছে। তখন আমি খেলতেই পারিনি। আজ আমার দিন ছিল না, তবে ভালো খেলেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত