টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালির ঐতিহাসিক অভিষেকের মাত্র কয়েক দিনের মধ্যেই দেশটির ক্রিকেট প্রশাসনে বড় সংকট তৈরি হয়েছে। ইতালির ক্রিকেট বোর্ডের এক সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে যৌন নিপীড়নের অভিযোগ। এ ঘটনায় তদন্তের খবর প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।
বিবিসি স্পোর্টস জানিয়েছে, ইতালিয়ান ক্রিকেট ফেডারেশনের নারী ক্রিকেট সমন্বয়ক প্রভাথ একনেলিগোডার (৫৭) বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি জাতীয় নারী দলের এক সদস্যের শরীর অশালীনভাবে স্পর্শ করেছিলেন। বিষয়টি নিয়ে ফৌজদারি তদন্তও হয়েছে। গত বছরের মার্চে জাতীয় দলের এক খেলোয়াড় এ বিষয়ে রোম পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আইনগত কারণে ওই খেলোয়াড়ের পরিচয় গোপন রাখা হয়েছে।
অভিযোগে বলা হয়, হাঁটুর চোটের চিকিৎসার অংশ হিসেবে ম্যাসাজের মধ্যে ঘটনাটি ঘটে। অভিযোগকারী খেলোয়াড় দীর্ঘদিন বিষয়টি জানাতে ভয় পেয়েছিলেন, কারণ এতে দলে নিজের জায়গা হারানোর আশঙ্কা ছিল। রোমের প্রসিকিউটরের তদন্ত ২০২৫ সালের নভেম্বরে শেষ হয় এবং পরের মাসে পুলিশ একনেলিগোডাকে জিজ্ঞাসাবাদ করে। এখন আদালতে মামলা চলবে কি না, তা নির্ধারণের সিদ্ধান্ত অপেক্ষায় রয়েছে।
একনেলিগোডার আইনজীবী অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমার মক্কেল অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করছেন। এই অভিযোগের পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে এবং একজন সাক্ষী তার বক্তব্যকে সমর্থন করছেন।’
ইতালিয়ান ক্রিকেট ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘মামলাটি বর্তমানে ফেডারেল প্রসিকিউটরের দপ্তরে বিচারাধীন রয়েছে এবং আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করব। ফেডারেশনের কার্যক্রম ন্যায্যতা, স্বচ্ছতা ও নিবন্ধিত সদস্যদের সুরক্ষার নীতিতে পরিচালিত হয়। বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমরা সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের ওপর নির্ভর করছি।’
শ্রীলঙ্কায় জন্ম নেওয়া একনেলিগোডাকে গত নভেম্বরেই পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে এরপরও ইতালির ক্রিকেট অঙ্গনে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। তিনি ফেডারেশনের সভাপতি মারিয়া লোরেনা হাজ পাজের পার্টনার এবং চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে ভারতে গিযেছিলেন। এমনকি সরকারি স্বীকৃতি নিয়ে দলের সঙ্গে ম্যাচেও উপস্থিত ছিলেন বলে তথ্য মিলেছে।
সূত্রের খবর, এই অভিযোগ এবং অন্যান্য প্রশাসনিক সমস্যার জেরে ইতালিয়ান ক্রিকেট বোর্ডের একাধিক সদস্য ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। ফলে সভাপতি হাজ পাজের অবস্থানও এখন বাড়তি চাপের মুখে। ইতালির ক্রিকেট কর্মকর্তারা আশঙ্কা করছেন, সম্ভাব্য আইনি জটিলতা ও সুনামহানির কারণে বিশ্বকাপে প্রথম অংশগ্রহণের ইতিবাচক প্রভাব কাজে লাগিয়ে দেশে ক্রিকেটের প্রসার ঘটানো কঠিন হয়ে পড়তে পারে।
উল্লেখ্য, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি সুপার এইটে উঠতে না পারলেও মুম্বাইয়ে গ্রুপ পর্বের ম্যাচে নেপালকে হারিয়েছিল। এছাড়া কলকাতায় ইংল্যান্ডকে কঠিন চাপে ফেলেছিল। ফুটবলের দেশ হিসেবে পরিচিত ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিষেক এবং খেলোয়াড়দের গল্প আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট আগ্রহ তৈরি করেছিল। এবার সেই গল্পে যুক্ত হলো কালিমা।