প্লট নিয়েছিলেন বাড়ি করে বসবাস করবেন, কিন্তু ব্যবহার করছেন বাণিজ্যিক কাজে। এমন অভিযোগ উঠেছে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে। তাকে নোটিস দিয়েছে ঝাড়খণ্ড স্টেট হাউজিং বোর্ড।
ধোনি বর্তমানে রাঁচির রিং রোড এলাকায় নির্মিত নতুন বাড়িতে বসবাস করছেন। এর আগে তিনি হারমু রোডের যে বাড়িতে থাকতেন, সেখানেই একটি ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছে—এমন তথ্য সামনে আসার পরই হাউজিং বোর্ড আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। ধোনির কাছে চূড়ান্ত নোটিস পাঠিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না এলে কিংবা নোটিসের শর্ত মানা না হলে, সংশ্লিষ্ট প্লটের বরাদ্দ বাতিলের প্রক্রিয়া শুরু হতে পারে। প্রচলিত নিয়ম ও আবাসিক জমি ব্যবহারের বিধি মেনেই এ সিদ্ধান্ত নেওয়া হবে।
একই ধরনের অভিযোগে শুধু ধোনিকেই নয়, একাধিক সরকারি কর্মকর্তা ও আরও অনেক বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিকেও নোটিস পাঠানো হয়েছে।