গণিতের ভয় দূর করার কৌশল

গণিতের নাম শুনলে আতঙ্কিত হয় এমন শিক্ষার্থীর সংখ্যা কম নয়। অথচ গণিত এমন একটি বিষয়, যা যুক্তি, বিশ্লেষণক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। এ কারণে গণিতভীতি দূর করা জরুরি। ছোট ছোট কিছু কৌশলের মাধ্যমে গণিতভীতি দূর করা সম্ভব। লিখেছেন লিজা চৌধুরী

ভয়ের কারণ চিহ্নিত করো

প্রথমেই ভাবতে হবে, ভয়টা ঠিক কোথায়? কারণ খুঁজে বের করতে পারলে ভয় দূর করার উপায় বের করা সহজ হয়ে যাবে। সূত্র মনে রাখতে সমস্যা, নাকি অঙ্ক বুঝতে? নিজের দুর্বল জায়গা চিহ্নিত করো, কারণ সমস্যা সমাধানের এটাই প্রথম ধাপ।

নিয়মিত চর্চা গড়ে তোলো

গণিত মুখস্থের বিষয় নয়; এটি অনুশীলনের বিষয়। প্রতিদিন অন্তত ৩০-৪০ মিনিট চর্চা করলে আত্মবিশ্বাস বাড়বে। ছোট ছোট সমস্যার সমাধান দিয়ে শুরু করো, ধীরে ধীরে কঠিন অঙ্কে যাও।

ভুলকে শেখার অংশ মনে করো

অনেকেই ভুল করলে হতাশ হয়ে পড়ে। কিন্তু গণিতে ভুল করেই শেখা যায়। কোথায় ভুল হয়েছে তা বুঝে সংশোধন করলে একই ভুল দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা কমে।

ধারণা পরিষ্কার করো

শুধু সূত্র মুখস্থ না করে, সূত্রের পেছনের যুক্তি বোঝার চেষ্টা করো। সূত্রে পরিণত হওয়ার ধাপগুলো বোঝার চেষ্টা করো। প্রয়োজনে শিক্ষক বা সহপাঠীর সাহায্য নাও। ইউটিউব বা অনলাইন ক্লাস থেকেও সহজ ব্যাখ্যা পাওয়া যায়।

গণিতকে জীবনের সঙ্গে মেলাও

 দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার খুঁজে বের করো বাজারের হিসাব, সময় নির্ধারণ, ক্রিকেটের রানরেট সবখানেই অঙ্ক আছে। বাস্তব উদাহরণে বিষয়টি সহজ ও আনন্দদায়ক হয়।

গ্রুপ স্টাডি

বন্ধুদের সঙ্গে পড়াশোনা করলে পড়াশোনা আনন্দময় হয়ে ওঠে। একে অপরকে সহযোগিতার মাধ্যমে সহমর্মিতার সম্পর্ক গড়ে ওঠে। অনেকে সংকোচের কারণে প্রশ্ন করতে ভয় পায়। তুমি যদি গ্রুপ স্টাডি করো তাহলে এই সংকোচ চলে যাবে। আলোচনা করলে জটিল বিষয়ও সহজ লাগে।

ইতিবাচক মনোভাব রাখো

‘আমি পারব না’ বা ‘আমি গণিতে দুর্বল’ এই ভাবনা থেকেই ভয় জন্মায়। বরং নিজেকে বলো, ‘আমি চেষ্টা করছি, আমি পারব।’ ইতিবাচক মনোভাব আত্মবিশ্বাস বাড়ায়।

গণিত একটি ভাষা, এটি বুঝতে সময় ও চর্চার প্রয়োজন হয়। নিয়মিত অনুশীলন, সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক মানসিকতা থাকলে গণিতভীতি ধীরে ধীরে দূর হবে। গণিতকে এড়িয়ে চলা নয় চর্চার মাধ্যমেই গণিতভীতিকে জয় করতে হবে।

লেখক : ফিচার রাইটার