ফুটবলে বর্ণবাদী মন্তব্য ঠেকাতে নতুন একটি নিয়ম চালুর কথা ভাবছে ফিফা। সম্প্রতি ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে ঘটে যাওয়া ঘটনার পর এই পদক্ষেপ নেওয়ার আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখ হাত দিয়ে ঢেকে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ ওঠে জিয়ানলুকা প্রেস্টিয়ানির বিরুদ্ধে।
ওই ঘটনার পর ফিফা এমন একটি নিয়ম চালুর কথা ভাবছে যাতে কোনো খেলোয়াড় যদি প্রতিপক্ষকে অপমান করার সময় মুখ হাত দিয়ে ঢেকে রাখে, তবে তাকে শাস্তির মুখে পড়তে হতে পারে। সাংবাদিকরা ইতোমধ্যেই এই সম্ভাব্য নিয়মের নাম দিয়েছেন ‘ভিনিসিয়ুস রুল’।
ফুটবল বিশ্লেষকদের মতে, এসব ‘নেমড রুল’ আসলে প্রতীকী ধারণা, যেখানে নির্দিষ্ট কোনো ঘটনার ভিত্তিতে ফুটবলের নিয়মে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা হয়। তবে ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে ‘ভিনিসিয়ুস রুল’ চালু করেনি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং ভবিষ্যতে ফুটবলের শৃঙ্খলা রক্ষায় নতুন নিয়ম আসতে পারে।
উল্লেখ্য, বর্ণবাদের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্টিয়ানিকে নিষিদ্ধ করে উয়েফা। যে কারণে ফিরতি লেগের ম্যাচে তিনি খেলতে পারেননি। প্রেস্টিয়ানির বিরুদ্ধে অভিযোগ- তিনি মুখ দিয়ে হাত ঢেকে বেশ কয়েকবার ভিনিকে ‘বানর’ বলে অপমান করেছেন। যদিও আর্জেন্টাইন এই ফুটবলার অভিযোগ অস্বীকার করেন।