‎নারী রেফারিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে নিষিদ্ধ ব্রাজিলের ডিফেন্ডার

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৬:৪৮ পিএম

ব্রাজিলিয়ান ফুটবলে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে এক নজিরবিহীন কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। নারী রেফারি দাইয়ানে মুনিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এবং আপত্তিকর মন্তব্য করে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রেড বুল ব্রাগান্তিনোর ডিফেন্ডার গুস্তাভো মার্কেস। নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে বড় অঙ্কের আর্থিক জরিমানাও করা হয়েছে।

‎গত ২১ ফেব্রুয়ারি পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সাও পাওলোর মুখোমুখি হয়েছিল রেড বুল ব্রাগান্তিনো। ম্যাচটিতে ব্রাগান্তিনো ২-১ গোলে হেরে যায়। ম্যাচ শেষে ক্ষোভ ঝাড়তে গিয়ে মাঠের রেফারি দাইয়ানে মুনিজকে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করেন মার্কেস। তিনি দাবি করেন, এ ধরনের বড় ম্যাচে কোনো নারীর দায়িত্ব পালন করা উচিত নয়।

‎সাও পাওলো স্টেট স্পোর্টস কোর্ট এই ঘটনায় মার্কেসকে দোষী সাব্যস্ত করে। আদালত জানিয়েছে, বৈষম্যমূলক আচরণ এবং কারো সম্মানহানি করার অপরাধে এই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে ফুটবলে শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।

‎ম্যাচ হারের হতাশায় সংবাদমাধ্যমের সামনে মার্কেস বলেছিলেন: "সাও পাওলো, পালমেইরাস বা করিন্থিয়ানসের মতো বড় দলের বিপক্ষে আমাদের ম্যাচের দায়িত্ব একজন নারীর হাতে তুলে দেওয়া কোনো যুক্তিযুক্ত কাজ নয়। আমি মনে করি না তিনি সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বড় দলের দিকে ঝুঁকে ছিলেন এবং আমাদের স্বপ্ন নষ্ট করেছেন।"
‎তিনি আরও যোগ করেন, "নারীদের প্রতি আমার সম্মান আছে, কিন্তু এ ধরনের বড় ম্যাচে মানিয়ে নেওয়ার ক্ষমতা তার নেই।"

‎ঘটনার গুরুত্ব অনুধাবন করে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ধারে আসা এই খেলোয়াড় পরবর্তীতে মুনিজের কাছে ব্যক্তিগতভাবে এবং প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। তবে তাতে শাস্তি এড়ানো যায়নি।

‎রেড বুল ব্রাগান্তিনোও তার বিরুদ্ধে অভ্যন্তরীণ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে: মাসিক বেতনের ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

‎পরবর্তী ম্যাচ থেকে তাকে দলের বাইরে রাখা হয়েছে।
‎জরিমানার টাকা ব্রাগাঞ্জা পাউলিস্তা অঞ্চলের অসহায় নারীদের সহায়তায় কাজ করা একটি সংস্থায় দান করা হবে বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত