রেসিপি দিয়েছেন : মারজানা তাবাসসুম অন্যা
শাহী টুকরা
উপকরণ : পাউরুটি ৬ পিস, দুধ ২ কাপ, ক্রিম আধা কাপ, কনডেন্সমিল্ক সিকি কাপ, কাওড়া পানি আধা চা চামচ, কাঠ বাদাম ও পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ, ঘি ভাজার জন্য সিকি কাপ।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে চুলায় দুধ দিয়ে নাড়তে থাকুন। বলগ এলে কনডেন্সমিল্ক দিয়ে দিন। দুধকে কমিয়ে অর্ধেক করুন ও ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
২. এর মধ্যে বাদাম কুচি ও কেওড়া পানি দিয়ে মিশিয়ে নিন।
৩. পাউরুটিকে ইচ্ছামতো কেটে নিন এবং ঘি দিয়ে লালচে করে ভেজে নিন।
৪. এবার পরিবেশনের পাত্রে পাউরুটি দিয়ে এর ওপর দুধের মিশ্রণ ঢেলে দিন ও ওপরে বাদাম কুচি দিয়ে দুই থেকে তিন ঘণ্টা ফ্রিজে রেখে তারপর পরিবেশন করুন।
কাঁকরোলের বড়া
উপকরণ : কাঁকরোল ৪টি, চিকেন কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি সিকি কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, আদা রসুন বাটা ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, ধনিয়ার গুঁড়া ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, তেল আধা কাপ।
বেসনের গোলা তৈরি : বেসন আধা কাপ, ময়দা আধা কাপ, মরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. কাঁকরোল মাঝ বরাবর কেটে ভেতরের সব বিচি বের করে নিয়ে পরিমাণ মতো লবণ পানিতে তিন মিনিট সেদ্ধ করুন।
২. পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভাজুন। এর মধ্যে ধনেপাতা কুচি বাদে সব উপকরণ দিয়ে একটু কষিয়ে নিন। হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলুন।
৩. কাঁকরোলগুলোতে রান্না করা পুর ভরে নিন।
৪. বেসনের সঙ্গে সব উপকরণ ও পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন।
৫. এবার পুরভরা কাঁকরোলগুলো ওই মিশ্রণ এ গড়িয়ে ডুব তেলে ভেজে নিন।
চানা চাট
উপকরণ : সেদ্ধ চানা ২ কাপ, টালা জিরার গুঁড়া ১ চা চামচ, লবণ আধা চা চামচ, টক দই সিকি কাপ, পুদিনা পাতা ২ টেবিল চামচ, ধনেপাতা সিকি কাপ, রসুন চার কোয়া, বিট লবণ ১ চা চামচ, চাট মসলা ২ চা চামচ, কাঁচামরিচ ২টি, টমেটো, ক্যাপসিকাম ও পেঁয়াজ ছোট কিউব করে কাটা সিকি কাপ, চিনি ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. ব্লেন্ডারে টক দই, পুদিনাপাতা, ধনেপাতা, রসুন, কাঁচামরিচ, চিনি ও লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।
২. একটা পাত্রে ব্লেন্ড করা মিশ্রণ, সেদ্ধ চানা ও বাকি উপকরণ মিশিয়ে নিন।
৩. এবার পরিবেশন পাত্রে ঢেলে পরিবেশন করুন।
কাবাব চাট
উপকরণ : বিফ শামি কাবাব ১০ পিস, সেদ্ধ আলু কিউব কাট করে কাটা ২ কাপ, টালা জিরার গুঁড়া ১ চা চামচ, লবণ আধা চা চামচ, টক দই সিকি কাপ, ধনেপাতা বাটা ১ টেবিল চামচ, পুদিনাপাতা বাটা ১ টেবিল চামচ, তেঁতুলের ক্বাথ সিকি কাপ, চাট মসলা ২ চা চামচ, কাঁচামরিচ কুচি ২টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ভাজা মরিচের গুঁড়া ১ চা চামচ, টমেটো ও শসা কিউব কাটা সিকি কাপ, চিনি ১ টেবিল চামচ, ঝুরি ভাজা সিকি কাপ, তেল ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. বিফ শামি কাবাবকে স্যালফ্রাই করে নিন।
২. ব্লেন্ডারে টক দই, পুদিনাপাতা, ধনেপাতা, কাঁচামরিচ, চিনি ও লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে পুদিনাপাতার চাটনি বানিয়ে নিন।
৩. পাত্রে তেঁতুলের ক্বাথ, চাট মসলা, কাঁচামরিচ কুচি, ভাজা মরিচের গুঁড়া, চিনি ও লবণ দিয়ে মিশ্রণ তৈরি করুন।
৪. আলুকে ওপরের মিশ্রণ দিয়ে ভালো করে মিক্স করুন।
৫. পরিবেশন পাত্রে প্রথমে সেদ্ধ আলুর মিশ্রণ দিন। এর ওপর পুদিনাপাতার চাটনি দিয়ে ভেজে রাখা কাবাবগুলো হাত দিয়ে আধা ভাঙা দিন। টমেটো, পেঁয়াজ, শসা, পুদিনাপাতার চাটনি ও ঝুরি ভাজা দিয়ে পরিবেশন করুন।