৩ ঘণ্টা পর ফের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ফাগুনের শেষ দিকে এসেও কমেনি কুয়াশার দাপট। কয়েকদিন ধরে ভোরে ঘন কুয়াশা পড়ায় পদ্মা নদীতে নৌ চলাচলে বিঘ্ন ঘটছে। এরই ধারাবাহিকতায় ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবারও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (৯ মার্চ) ভোর ৫টা থেকে ঘন কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। কুয়াশার ঘনত্ব বেশি থাকায় নদীপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এ সময় মাঝনদীতে শাহ পরান নামের একটি ফেরি আটকা পড়ে ছিল।

পরে কুয়াশা কমে এলে সকাল ৮টার দিকে আবারও এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমে নদীপথে দৃশ্যমানতা স্বাভাবিক হলে সকাল ৮টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়।