সরকারদলীয় সংসদীয় সভা বসছে আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা বসছে আজ বুধবার। বেলা ১১টায় সংসদ ভবনের সভাকক্ষে এ সভা হবে। গতকাল মঙ্গলবার সরকারদলীয় চিফ হুইপ মো. নুরুল ইসলাম দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘সভায় সংসদ নেতা তারেক রহমান সভাপতিত্ব করবেন।’ এদিকে বিএনপিদলীয় সংসদ সদস্যরা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপিদলীয় একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে সভাপতিত্ব করার দায়িত্ব দেওয়া হবে। এরপর স্পিকার পদ চূড়ান্ত করা হবে।

এদিকে গত সোমবার সংসদ সচিবালয়ে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি দলের চিফ হুইপ ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানিয়ে বলা হয় বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন মো. রফিকুল ইসলাম খান এমপি, মো. আবুল হাসনাত এমপি ও মো. নূরুল ইসলাম এমপি। এ সময় উভয়পক্ষ জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে একটি ‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে এই বৈঠকটি সংসদকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

এদিকে গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, চিফ হুইপ মো. নুরুল ইসলাম সরকারদলীয় সব সংসদ সদস্যকে বুধবারের সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামীকাল। ওইদিন বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৭ আসনের ফল ঘোষণা করে ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ঘোষিত আসনের মধ্যে বিএনপি ২০৯, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বিজেপি একটি করে আসনে বিজয়ী হয়।

অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২ ও খেলাফত মজলিস একটি আসনে বিজয়ী হয়। এ ছাড়া ইসলামী আন্দোলন একটি এবং স্বতন্ত্র হিসেবে ৭ জন বিজয়ী হন। এর মধ্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি আসনে বিজয়ী হয়েছিলেন, তার মধ্যে বগুড়া-৬ আসন ছেড়ে ঢাকা-১৭ আসনে তিনি শপথ নেন। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

শপথের পর গত শুক্র ও শনিবার গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপিদলীয় সংসদ সদস্যদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার প্রথম দিনে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালা শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন, সংসদ প্রাণবন্ত ও কার্যকর করতে সংসদ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে চিফ হুইপ হিসেবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি। তার সঙ্গে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি যে সংসদ সদস্যদের হুইপ হিসেবে নিযুক্ত করেছেন তারা হলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. জি কে গউছ, খুলনা-৩ এর রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ এর মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ এর রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)।