বাংলাদেশ আজ মঙ্গলবার থেকে এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছে। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ দায়িত্ব পালন করবেন। এ দায়িত্বগ্রহণের জন্য তিনি ইতিমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন। তিনি ইউএনজিএ ৮০তম অধিবেশনের সভাপতি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।
জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রম ব্যবস্থা অনুযায়ী, এবারের সভাপতি পদটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সংরক্ষিত ছিল। গত ২ জুন বিশ^ সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলো গোপন ব্যালটে পেশাদার কূটনীতিক খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিস পান ৯১ ভোট।
খলিলুর রহমানের এ দায়িত্বগ্রহণের মাধ্যমে দীর্ঘ চার দশক পর ইউএনজিএ সভাপতির পদ ফিরে পেল বাংলাদেশ। এর আগে ১৯৮৬-৮৭ সালে ইউএনজিএর ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। পরে তিনি জাতীয় সংসদে স্পিকারের দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ইউএনজিএর এবারের অধিবেশনে যোগদানের কথা রয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।