মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২৫ জেলে আটক, নৌকা জব্দ

সরকার ঘোষিত দুই মাসব্যাপী জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৫ জন জেলেকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় ১৮টি মাছধরা নৌকা জব্দ করা হয় এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন ও বিপণনে সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ মেঘনা নদীর জলসীমায় দিন-রাত নৌ টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। 

অভিযানের অংশ হিসেবে মোহনপুর, দশানি, বাহাদুরপুর, সটাকি, ষাটনল, বাহেরচর, এখলাছপুর ও চরওমেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মাছ আহরণ এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে আরও জানা যায়, চলমান জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে গত ১ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ শিকারের দায়ে ২৫ জন জেলেকে আটক করা হয়েছে। একই সঙ্গে ১৮টি মাছধরা নৌকা জব্দ করা হয় এবং প্রায় ৯ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী বলেন, জাটকা আমাদের জাতীয় সম্পদ এবং ভবিষ্যৎ ইলিশ উৎপাদনের মূল ভিত্তি। সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে মোহনপুর নৌ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।