রমজানের রাতে মক্কায় ঐতিহ্য ও সংস্কৃতির মিলনমেলা

রমজানে পবিত্র মক্কা নগরীতে ভিন্ন আবহ বিরাজ করে। দিনভর ইবাদত, রোজা পালন ও ব্যস্ততার পর রাত নামলে নগরীর বিভিন্ন প্রান্তে জমে ওঠে আনন্দঘন পরিবেশ। সেই পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছিল ‘ফাওয়ানিসে মক্কা’ বা ‘মক্কা ল্যান্টার্নস’ নামের এক বিশেষ আয়োজন। রমজানের ৯ থেকে ২০ তারিখ পর্যন্ত চলা এই উৎসব শেষ হলেও এর রেশ এখনো মানুষের মনে রয়ে গেছে।

মক্কার চেম্বার ফর এক্সিবিশনস অ্যান্ড ইভেন্টস সেন্টারের উদ্যোগে আয়োজিত এই উৎসবের নবম আসর ছিল রমজানের অন্যতম আকর্ষণ। কয়েকদিনের মধ্যেই এটি স্থানীয় বাসিন্দা ও আগত দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। পরিবার-পরিজন নিয়ে অনেকেই এখানে সময় কাটাতে আসতেন। ঐতিহ্য, সংস্কৃতি, কেনাকাটা এবং সামাজিক যোগাযোগের এক অনন্য মেলবন্ধন তৈরি হয়েছিল এই আয়োজনে।

উৎসবস্থলটি রমজানের রাতগুলোতে পরিণত হয়েছিল এক প্রাণবন্ত মিলনমেলায়। আলোকসজ্জা, বিভিন্ন প্যাভিলিয়ন, স্থানীয় পণ্যের প্রদর্শনী এবং সাংস্কৃতিক পরিবেশ মিলিয়ে সেখানে তৈরি হয়েছিল এক বিশেষ রমজানি আবহ। অনেক দর্শনার্থী জানিয়েছেন, এখানে এসে তারা রমজানের সেই পরিচিত আনন্দময় পরিবেশ অনুভব করেছেন, যা পরিবার ও সমাজকে একত্রে নিয়ে আসে।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় উদ্যোক্তা ও উৎপাদকদের পণ্য প্রদর্শনের সুযোগ। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ছিল আলাদা প্যাভিলিয়ন। সেখানে দেখা গেছে বিভিন্ন ধরনের হস্তশিল্প, ঐতিহ্যবাহী সামগ্রী এবং স্থানীয়ভাবে তৈরি নানা পণ্য। এসব পণ্যের মধ্য দিয়ে মক্কার সমাজ ও সংস্কৃতির পরিচয়ও ফুটে উঠেছে।

অনেকের মতে, এমন আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, বরং সামাজিক বন্ধন জোরদার করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবারগুলো একসঙ্গে সময় কাটানোর সুযোগ পায়, শিশু-কিশোররা নতুন কিছু দেখতে পারে, আর তরুণ উদ্যোক্তারা নিজেদের সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পান।

রমজান মাসে মক্কায় সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি এমন সাংস্কৃতিক আয়োজন শহরের জীবনকে আরও বৈচিত্র্যময় করে তোলে। বিশেষ করে, রমজানের রাতগুলোতে মানুষের মধ্যে যে মিলনমেলার আবহ তৈরি হয়, এই উৎসব সেটিকে আরও সমৃদ্ধ করেছে।

লেখক : আলেম ও ধর্মীয় নিবন্ধকার