আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ ত্যাগকারী সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিন করিয়ে দিতে আসামিপক্ষের কাছে এক কোটি টাকা চাওয়া, ট্রাইব্যুনাল পুনর্গঠনের (২০২৪ সালের ৫ আগস্টের পর) পর থেকে এ পর্যন্ত প্রসিকিউশনে আর্থিক দুর্নীতি ও অনিয়মের তথ্যানুসন্ধানে কাজ শুরু করেছে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। গতকাল দুপুরে এ কমিটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় প্রথম বৈঠক করে। পরে সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার আমিনুল ইসলামের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া দুই প্রসিকিউটর মর্জিনা রায়হান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন এবং ট্রাইব্যুনালের সিনিয়র গবেষণা কর্মকর্তা মো. সিফাত উল্লাহ।
চিফ প্রসিকিউটর গতকাল বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনাটি তারা মোটেও হালকাভাবে নিচ্ছেন না। প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেবেন তারা। আর কারও বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেটিও তারা খতিয়ে দেখবেন। তিনি বলেন, ‘আমাদের এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মূল বিষয়বস্তু হচ্ছে, প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ যদি কোনো অনৈতিক কর্মকা-ের সঙ্গে জড়িত থাকেন, সেই বিষয়টির আমরা তথ্য উদ্ঘাটন করব। যদি তাদের বিরুদ্ধে সাবস্টেন্টিভ (বাস্তবভিত্তিক) কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিকে অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত একটি হত্যা মামলার আসামি আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে জামিনের কথা বলে তার পরিবারের কাছে ১ কোটি টাকা চেয়েছিলেন। সাইমুম গত সপ্তাহে প্রসিকিউটর পদত্যাগ করেন। গত সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার পদত্যাগের বিষয়টি জানা যায়।