ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

মানিকগঞ্জের শিবালয়ের ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা পৌনে ১টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনায় ঘটে।

দুঘর্টনায় নিহত হন ফরিদপুরের বোয়ালমারীর সহস্রাইল গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক মোনায়েম খান (৪৮) ও তার স্ত্রী জোসনা আক্তার (৪৫)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, একটি পিকআপ ভ্যান পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বরংগাইল বাসস্ট্যান্ডে বেপরোয়া গতিতে পাটুরিয়ামুখী একটি বাস অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইলকেলটি চাপা পড়ে। এতে আরোহী মোনায়েম ও তার স্ত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে বরংগাইল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মোনায়েম খান ও হাসপাতালে স্ত্রী জোসনা বেগম মারা যান।

বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ দেশ রূপান্তরকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের হাসপাতালে নেওয়ার পথে স্বামী মারা যান ও স্ত্রী মানিকগঞ্জ সদর হাসপালে চিকিসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।