অস্কারে জর্ডান ও বাকলির ইতিহাস

অপেক্ষার পালা শেষে বাংলাদেশ সময় আজ ১৬ মার্চ (সোমবার ভোরে) অনুষ্ঠিত হলো ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার)। এবারের আসরে সেরা অভিনেতার হিসেবে মাইকেল বি. জর্ডান এবং সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জেসি বাকলি। প্রথমবারের মতো সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর অস্কার জিতে তারা দুজনেই নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। 

হলিউড তারকা মাইকেল বি. জর্ডান তার দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা অভিনেতার অস্কার জিতেছেন। ১৯৩০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘সিনারস’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি এই সম্মাননা পান। 

তিনি বিশ্বের ষষ্ঠ কৃষ্ণাঙ্গ অভিনেতা হিসেবে সেরা অভিনেতার অস্কার পাওয়ার গৌরব অর্জন করলেন। সিডনি পোইটিয়ার, ডেনজেল ওয়াশিংটন ও উইল স্মিথের মতো কিংবদন্তিদের তালিকায় এখন তার নামও যুক্ত হলো। এই বিভাগে তিনি লিওনার্দো ডিক্যাপ্রিও ও টিমোথি চালামেটের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জয়ী হয়েছেন।  অন্যদিকে, জেসি বাকলি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন। 

তিনি হলেন প্রথম আইরিশ অভিনেত্রী, যিনি এই বিভাগে অস্কার জয় করলেন। ম্যাগি ও'ফ্যারেলের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হ্যামনেট’ সিনেমায় উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী ‘অ্যাগনেস শেক্সপিয়ার’-এর চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। 

পুরস্কার হাতে নিয়ে জেসি আবেগভরে বলেন, আমার সাথে মনোনীত অন্য নারীরা আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছেন। আপনাদের সবার সাথে কাজ করার স্বপ্ন দেখি।দুই তারকার এই জয় অস্কারের মঞ্চে বৈচিত্র্য এবং নতুন প্রতিভার জয়গান গাইল। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে তাদের এই সাফল্যকে অভিবাদন জানান।