ভারতের একটি হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশা রাজ্যের কুটাক শহরে অবস্থিত এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ জানিয়েছে, সোমবার (১৬ মার্চ) ভোর প্রায় ৩টার দিকে হাসপাতালের আইসিইউতে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সেখানে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়।
হাসপাতালের কর্মীরা দ্রুত রোগীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই সাতজন রোগীর মৃত্যু হয়। পরে অন্য ওয়ার্ডে নেওয়ার সময় আরও তিনজন মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। তবে আগুন লাগার পর বেশ কিছু সময় ধরে আইসিইউতে ধোঁয়া জমে থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানান, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে নাকি আগুনে পুড়ে রোগীদের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি নিহতদের পরিবারের জন্য ২৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এদিকে রোগীদের উদ্ধার করতে গিয়ে হাসপাতালের অন্তত ১১ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। তাদের অনেকেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
