শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে নিয়োগ পেতে এখন থেকে স্নাতক পাস বাধ্যতামূলক করা হয়েছে। স্কুল, কলেজ ও মাদরাসাসহ সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আমাদের বেসলাইন হবে স্নাতক ডিগ্রি। তবে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকছি না; যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আরও বিষয় বিবেচনায় নেওয়া হবে। আমরা চাই যোগ্য ও দক্ষ মানুষদেরই এই কাঠামোর উচ্চতর স্তরে নিয়ে আসতে।
পূর্ববর্তী সরকারের সময়কার বিধানের সমালোচনা করে তিনি উল্লেখ করেন, তখন শুধু সিনিয়র শিক্ষক বা প্রধান শিক্ষক হয়েই কমিটিতে সুযোগ সীমাবদ্ধ ছিল। এতে অনেক সময় নেপোটিজম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠত এবং বিষয়গুলো নিরপেক্ষভাবে আলোচিত হতো না। নতুন সিদ্ধান্তের ফলে সেই ধারা থেকে বেরিয়ে এসে সবার জন্য সুযোগের ক্ষেত্র তৈরি হবে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে একটি ন্যায্য ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।