জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের প্রথম কাউন্সিল আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও সুসংহত ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে নিতে বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত এক নোটিশে এসব তথ্য জানানো হয়েছে।
সভায় প্রথম কাউন্সিল আয়োজনের পাশাপাশি কাউন্সিল সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি কমিটি ও নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক আল আমিন সরকার।
নোটিশে বলা হয়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও গণতান্ত্রিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতেই প্রথম কাউন্সিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।