রমজান মুসলমানের জীবনে আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য মাস। এক মাসের সিয়াম সাধনার পর যখন ঈদুল ফিতরের আনন্দময় দিন আসে, তখন তা শুধু ব্যক্তিগত আনন্দের উৎসব নয়, বরং এটি সামষ্টিক আনন্দের এক অনন্য উপলক্ষ। ইসলাম চায়, ঈদের আনন্দ যেন ধনী-গরিব, সচ্ছল-অসচ্ছল সবার ঘরে সমানভাবে পৌঁছে যায়। আর সেই মহান উদ্দেশ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হলো সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর এমন এক দান, যা ঈদের আগেই আদায় করতে হয়। এর মাধ্যমে সমাজের অসহায় ও দরিদ্র মানুষও ঈদের আনন্দে অংশগ্রহণ করার সুযোগ পায়। একজন মুসলমান যখন তার সামর্থ্য অনুযায়ী ফিতরা প্রদান করে, তখন তা শুধু একটি আর্থিক সহায়তা নয়, বরং এটি সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও মানবিকতার এক সুন্দর দৃষ্টান্ত।
ইসলাম মুসলমানদের ওপর সদকাতুল ফিতর ওয়াজিব করেছে। হাদিসে উল্লেখ রয়েছে, এটি রোজাদারের জন্য অনর্থক কথা ও ত্রুটি-বিচ্যুতি থেকে পরিশুদ্ধির মাধ্যম এবং দরিদ্র মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা। অর্থাৎ সদকাতুল ফিতর একই সঙ্গে আত্মশুদ্ধি ও সামাজিক কল্যাণের এক মহৎ ব্যবস্থা।
রমজান মাসে আমরা রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, নামাজ ও বিভিন্ন ইবাদতের মাধ্যমে নিজেদের আল্লাহর নৈকট্যে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু মানুষ হিসেবে আমাদের অনেক ভুল-ত্রুটি হয়ে যায়। কখনো অনর্থক কথা বলি, কখনো অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করি, কখনো হয়তো গুনাহেও জড়িয়ে পড়ি। সদকাতুল ফিতর সেই ত্রুটিগুলোর জন্য এক ধরনের কাফফারা বা পরিশুদ্ধির মাধ্যম।
অন্যদিকে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কথা ভাবলে সদকাতুল ফিতরের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। অনেক মানুষ আছে, যারা সারা বছর কষ্ট করে জীবনযাপন করে। ঈদের দিন যখন চারদিকে আনন্দের পরিবেশ থাকে, তখন তাদের ঘরেও যেন সেই আনন্দ পৌঁছে যায়, এই মানবিক চিন্তাই সদকাতুল ফিতরের মূল উদ্দেশ্য।
ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ও মানবিক সমাজব্যবস্থা গড়ে তুলতে চায়। এখানে ধনী ও গরিবের মধ্যে সম্পর্ক শুধু অর্থনৈতিক নয়, বরং তা সহমর্মিতা ও দায়িত্ববোধের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। সদকাতুল ফিতর সেই দায়িত্ববোধকে বাস্তব রূপ দেয়। একজন সচ্ছল মুসলমান যখন ফিতরা আদায় করে, তখন সে যেন তার অসচ্ছল ভাইয়ের পাশে দাঁড়ায় এবং তাকে ঈদের আনন্দে শরিক করে।
ফিতরা আদায়ের একটি নির্দিষ্ট সময় রয়েছে। সাধারণত ঈদের নামাজের আগে এটি আদায় করা উত্তম। এতে দরিদ্র মানুষ ঈদের দিন প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য জিনিসের ব্যবস্থা করতে পারে। যদি কেউ ঈদের নামাজের পর ফিতরা আদায় করে, তবে তা সাধারণ সদকার মতো গণ্য হয়, তাই যথাসময়ে এটি আদায় করার প্রতি গুরুত্ব দেওয়া উচিত।
সদকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রেও ইসলামের একটি সুন্দর দিক হলো, এটি খুবই সহজ ও সামর্থ্যরে মধ্যে রাখা হয়েছে। অল্প পরিমাণ খাদ্যশস্য বা তার সমমূল্যের অর্থ দিয়েও এই দায়িত্ব পালন করা যায়। ফলে সমাজের অধিকাংশ মানুষই সহজে এই আমলটি আদায় করতে পারে।
আজকের সমাজে যখন অর্থনৈতিক বৈষম্য ক্রমেই বাড়ছে, তখন সদকাতুল ফিতরের মতো ব্যবস্থা আমাদের সামনে একটি মানবিক দৃষ্টান্ত তুলে ধরে। এটি আমাদের শেখায়, একজন মুসলমান কখনো শুধু নিজের আনন্দ নিয়ে ব্যস্ত থাকতে পারে না, বরং তাকে অন্যের সুখ-দুঃখের প্রতিও সমানভাবে সচেতন থাকতে হয়।
রমজানের শেষে যখন ঈদের চাঁদ আকাশে দেখা যায়, তখন মুসলমানের হৃদয় আনন্দে ভরে ওঠে। কিন্তু সেই আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সমাজের সব স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সদকাতুল ফিতর সেই আনন্দকে সবার ঘরে পৌঁছে দেওয়ার এক সুন্দর মাধ্যম।
লেখক : মুহাদ্দিস, দারুল উলুম বাগে জান্নাত, নারায়ণগঞ্জ