জেলা প্রশাসক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নেই যাত্রীচাপ, পরিস্থিতি সন্তোষজনক 

ঈদের বাকি মাত্র একদিন থাকলেও মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নেই ঘরমুখো যাত্রীর বাড়তি চাপ। ঈদকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এ নৌরুট ব্যবহার করে বাড়ি ফিরলেও শেষ সময়ে ঘাট এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।

শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে আরিচা ও পাটুরিয়া ফেরি-লঞ্চ ঘাট পরিদর্শন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় তিনি ঈদযাত্রার সার্বিক প্রস্তুতি ও পরিস্থিতির খোঁজ-খবর নেন।

পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি জানান, ঘাটের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। অধিকাংশ যাত্রী ইতোমধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ায় এখন আর তেমন চাপ নেই।

তিনি আরও বলেন, বর্তমানে আমাদের দুশ্চিন্তা মূলত ঈদ শেষে ফেরত যাত্রীদের নিয়ে। এরই মধ্যে আবহাওয়া খারাপের দিকে যাচ্ছে, যা নৌপথে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

জেলা প্রশাসক জানান, যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। নৌযানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে লাইফ জ্যাকেট, বয়া ও অগ্নি নির্বাপক যন্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় বিআইডব্লিউটিএর ইঞ্জিনিয়ার রবিউল আলম, যুগ্ম পরিচালক আরশাফ উদ্দিন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।