বারুণী মেলাকে ঘিরে আরিচায় মানুষের ঢল

মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাটে যমুনা নদীর তীরে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী মহাবারুণী স্নানকে ঘিরে বসা মেলায় ঈদের দ্বিতীয় দিন দেখা গেছে মানুষের ঢল।

রবিবার (২২ মার্চ) বিকেলে মেলা প্রাঙ্গণ ও নদীর পাড়জুড়ে ছিল উপচে পড়া ভিড়। স্থানীয়সহ দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই শতাব্দী ধরে চৈত্র মাসের নির্দিষ্ট তিথিতে আরিচা ঘাটে এই বারুণী স্নান ও মেলার আয়োজন হয়ে আসছে। এবছরও গত ১৭ মার্চ ভোর থেকে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হাজারো পুণ্যার্থী যমুনার জলে স্নান করেন। সেই স্নানকে কেন্দ্র করেই শুরু হয় ঐতিহ্যবাহী এই মেলা, যা বর্তমানে ছয় দিনব্যাপী চলমান রয়েছে।

সরেজমিনে দেখা যায়, যমুনার তীরবর্তী বিস্তীর্ণ চরজুড়ে বসেছে শতাধিক দোকান। হ্যান্ডিক্রাফট, খেলনা, প্রসাধনী, সাজসজ্জার সামগ্রী, বাঁশ-কাঠ ও বেতের তৈরি পণ্য, মাটির বাসনপত্র, লোহার জিনিসসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে। পাশাপাশি মিষ্টি, বিন্নি, খৈ, বাতাসা ও নানা মুখরোচক খাবারের দোকান ঘিরে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।

মেলায় ঘুরতে আসা স্থানীয় সংবাদকর্মী সুমন হোসেন বলেন, সংবাদ সংগ্রহের ফাঁকে মেলায় এসে যেন ছোট বেলার স্মৃতিগুলো আবার ফিরে পেলাম। হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছে, যা সত্যিই দারুণ এক অভিজ্ঞতা।

শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, প্রায় দুই শ থেকে আড়াই শ বছর ধরে এই বারুণী স্নান ও মেলা চলে আসছে। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সব ধর্মের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বন্দর সমিতি, ইউনিয়ন পরিষদ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।