অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পর নিজের হারিয়ে যাওয়া ফর্ম ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। আসন্ন আইপিএল ২০২৬ আসর থেকে তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের সাথে ২ কোটি রুপির চুক্তি থাকলেও, আইপিএলের চাকচিক্য ছেড়ে এখন ঘরের মাঠে কাউন্টি ক্রিকেট খেলে লাল বলের ক্রিকেটে থিতু হতে চান ৩১ বছর বয়সী এই ব্যাটার।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডাকেট বলেন, ‘এটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল। দিল্লি ক্যাপিটালসের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আইপিএল বিশ্বের সেরা টুর্নামেন্ট, সেখানে খেলার সুযোগ পাওয়াটা দারুণ ছিল। কিন্তু আমার ক্যারিয়ারের এই মুহূর্তে এটাই সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। আমি আইপিএলে গিয়ে সাইডবেঞ্চে বসে না থেকে বরং নটিংহ্যামশায়ারের হয়ে চার দিনের ম্যাচ খেলতে চাই।’
গত গ্রীষ্মে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে থাকলেও এরপর থেকেই রানখরায় ভুগছেন ডাকেট। গত আগস্ট থেকে ২৮টি ঘরোয়া ও আন্তর্জাতিক ইনিংস মিলিয়ে তার মাত্র একটি হাফ সেঞ্চুরি রয়েছে। সদ্য সমাপ্ত অ্যাশেজেও ১০ ইনিংসে করেছেন মাত্র ২০২ রান। এছাড়া মাঠের বাইরে মদ্যপ অবস্থায় ক্যামেরাবন্দি হয়ে শৃঙ্খলাভঙ্গের বিতর্কেও জড়িয়েছিলেন তিনি। এবার আগামী জুনে নিউজিল্যান্ড সিরিজে ফেরাই তার লক্ষ্য।
আইপিএল থেকে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেওয়ায় নিয়মানুযায়ী ডাকেটকে দুই বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এর আগে হ্যারি ব্রুকও একই কারণে একই ধরনের শাস্তি ভোগ করছেন। ডাকেটের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে তার কাউন্টি দল নটিংহ্যামশায়ার। ক্লাবের ক্রিকেট ডিরেক্টর মিক নিউয়েল বলেন, ‘বেনের এই সিদ্ধান্তে আমরা পুরোপুরি তার পাশে আছি। ২০২৬ মৌসুমের শুরুতে তাকে দলে পাওয়া আমাদের জন্য বড় পাওনা।’
নিজের ক্যারিয়ারের এই মোড়কে ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছেন ডাকেট। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি পিটার মুরের অধীনে কঠোর অনুশীলনে নিজেকে ফিরে পাওয়ার লড়াই শুরু করছেন এই ইংলিশ ওপেনার। এবার দেখার, আইপিএল তার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে।