আইপিএলের ইতিহাসে অন্যতম বড় ব্যবসায়িক চুক্তির মাধ্যমে মালিকানা পরিবর্তন হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ফ্র্যাঞ্চাইজির। আদিত্য বিড়লা গ্রুপ, দ্য টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চারস এবং ব্ল্যাকস্টোন—এই চার প্রতিষ্ঠানের একটি কনসোর্টিয়াম আরসিবির পুরুষ ও নারী উভয় দলের শতভাগ মালিকানা কিনে নিয়েছে। ডায়াজিওর মালিকানাধীন ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের (ইউএসএল) কাছ থেকে ১.৭৮ বিলিয়ন ডলার বা প্রায় ২১ হাজার ৮৫০ কোটি টাকায় এই ফ্র্যাঞ্চাইজিটি অধিগ্রহণ করা হয়েছে।
২০২৬ আসরের পর কার্যকর হতে যাওয়া নতুন কাঠামো অনুযায়ী, আদিত্য বিড়লা গ্রুপের ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা আরসিবির চেয়ারম্যান এবং টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের সত্যন গজওয়ানি ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা বলেন, ‘আইপিএল এখন একটি বৈশ্বিক স্পোর্টিং পাওয়ার হাউস। আরসিবির এই অসাধারণ উত্তরাধিকারকে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
২০০৮ সালে ১১১.৬ মিলিয়ন ডলারে আরসিবি কিনেছিল ইউনাইটেড স্পিরিটস। গত দেড় দশকে দলটির মূল্য বেড়েছে কয়েক গুণ। মাঠে দীর্ঘ ১৭ বছরের শিরোপা খরা কাটিয়ে ২০২৫ সালে নিজেদের প্রথম আইপিএল ট্রফি জিতেছে আরসিবি। এর আগে ২০২৪ সালে তাদের নারী দল জিতেছিল ডাব্লিউপিএল শিরোপা। এবারের নিলামে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবার, আদর পুনাওয়ালা এবং রঞ্জন পাইয়ের মতো প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান অংশ নিলেও শেষ হাসি হেসেছে বিড়লা-টাইমস জোট।
বর্তমানে আরসিবি ব্র্যান্ড ভ্যালুর দিক থেকেও মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের সাথে পাল্লা দিয়ে শীর্ষ তিনে অবস্থান করছে। বিরাট কোহলির অধিনায়কত্ব এবং তার ব্যক্তিগত ব্র্যান্ড ইমেজ আরসিবিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছে। ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো মহাতারকারা এই দলে খেলেছেন। বর্তমানে রজত পাতিদারের নেতৃত্বে থাকা দলটি আগামী শনিবার বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে তাদের শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে।
এমবাপ্পের চোট বাম হাঁটুতে; রিয়ালের ডাক্তাররা পরীক্ষা করেন 'ভুল হাঁটু'!
রাজস্থান রয়্যালসের থেকে ৪৫০ কোটি রুপি পাচ্ছে শেন ওয়ার্নের পরিবার