ট্রান্সফারের রেকর্ড গড়ে মেসিদের লিগে গ্রিজমান

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১২:২৭ পিএম

ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে এবার আমেরিকার পথে পা বাড়াচ্ছেন ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান। ৩৫ বছর বয়সী এই বিশ্বকাপ জয়ী তারকা অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব অরল্যান্ডো সিটিতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার অরল্যান্ডো সিটি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, গ্রিজমানের সঙ্গে তাদের দুই বছরের চুক্তি সম্পন্ন হয়েছে।

গ্রিজমানের এই দলবদল কেবল একটি সাধারণ চুক্তি নয়, বরং অরল্যান্ডো সিটির ইতিহাসের সবচেয়ে দামি এবং আলোচিত সাইনিং হতে যাচ্ছে। বর্তমানে ৩৫ বছর বয়স হলেও ফুটবল বাজারে গ্রিজমানের কদর এখনো কমেনি। প্রায় ১ কোটি ইউরোতে তিনি অরল্যান্ডোতে যোগ দিচ্ছেন, যা ক্লাবটির ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্যে কোনো ফুটবলারকে দলে ভেড়ানোর রেকর্ড। দুই বছরের প্রাথমিক চুক্তির পাশাপাশি শর্তসাপেক্ষে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে গ্রিজমানের জন্য।

আমেরিকার ফুটবল লিগ এমএলএস-এর প্রতি গ্রিজমানের টান দীর্ঘদিনের। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বারবার সেখানে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে গত গ্রীষ্মেও চিত্রটা ভিন্ন ছিল। ২০২৭ সাল পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ঘটা করে চুক্তি নবায়ন করেছিলেন। কিন্তু চলতি মৌসুমে ডিয়েগো সিমিওনের অধীনে অনিয়মিত হয়ে পড়াটাই তার মন পরিবর্তনের মূল কারণ। এই মৌসুমে লা লিগায় অ্যাটলেটিকোর শুরুর একাদশে মাত্র ২৪ শতাংশ ম্যাচে সুযোগ পেয়েছেন।

এই ‘লিমিটেড প্লেয়িং টাইম’ বা পর্যাপ্ত সুযোগের অভাবই গ্রিজমানকে স্পেনের পাঠ চুকিয়ে আমেরিকার বিমানে উঠতে বাধ্য করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অ্যাটলেটিকো মাদ্রিদের কিংবদন্তি গ্রিজমান ক্লাবটির হয়ে ২৯৮টি গোল এবং ১৩২টি অ্যাসিস্ট করেছেন। তার ঝুলিতে রয়েছে উয়েফা ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ এবং কোপা দেল রের মতো মর্যাদাপূর্ণ শিরোপা। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ে তিনি ছিলেন দলের অন্যতম কাণ্ডারি।

ব্যক্তিগত অর্জনেও গ্রিজমান কম যান না। ২০১৬ ও ২০১৮ সালে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তিনি তৃতীয় হয়েছিলেন। চলতি মৌসুমেও অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দারুণ ফর্মে আছেন গ্রিজমান। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৩টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন। গ্রিজমান এক বিবৃতিতে বলেন, ‘অরল্যান্ডো সিটির হয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে আমি মুখিয়ে আছি। ক্লাবের লক্ষ্য এবং পরিকল্পনা আমাকে মুগ্ধ করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত