সাঙ্গু নদীতে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জন আটক

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনগণ। এ সময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে প্রায় ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও বিষের বোতল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৬মার্চ) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের সরোয়ার বাজার-সংলগ্ন সাঙ্গু নদী থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো হাবিবুর রহমান (৫৫), নুরুল হক (৩১) ও জাহাঙ্গীর আলম (৪০)। তারা  উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমিরখীল গ্রামের বাসিন্দা।

জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সাঙ্গু নদীতে বিষ দিয়ে মাছ শিকার করে আসছিল। বৃহস্পতিবার ভোরে আবারো নদীতে বিষ দিয়ে মাছ শিকারের সময় স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। এ সময় কয়েক কিলোমিটার ধাওয়া করে আটক করে তাদের গণপিটুনি দেওয়া হয়। এরপর বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের উদ্ধার করে উপজেলা পরিষদ কমপ্লেক্সে নিয়ে আসেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, জনতার হাতে আটক ৩ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে উপজেলা পরিষদ কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। তাদের কাছে প্রায় ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও বিষের বোতল উদ্ধার করা হয়েছে। সাতকানিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, আটক ব্যক্তিদের উপজেলা পরিষদ কমপ্লেক্সে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।