পিরোজপুরের জিয়ানগরের স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. তুহিন হাওলাদার নামে এক এলজিইডি কর্মচারী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার ইন্দুরকানী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
দুই সন্তানের জনক মৃত মো. তুহিন হাওলাদার (২৯) ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) চতুর্থ শ্রেণির কর্মচারী।
পরিবার জানায়, শনিবার রাত ৮টার দিকে তুহিন ও তার স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তারা পৃথক কক্ষে ঘুমিয়ে পড়েন। রবিবার সকালে তুহিনের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে গিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
মৃতের স্ত্রী ফারজানা রিশাদ জানান, মাদকাসক্ত তুহিন ঝালকাঠি থানায় মাদক মামলায় কারাবন্দী ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পরও মাদক সেবন করায় তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বাকবিতণ্ডা হয়।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।