চাঁদাবাজি মামলায় তিনজনের ৫ বছর কারাদণ্ড

গোপালগঞ্জে চাঁদাবাজির মামলায় তিনজনকে পাঁচবছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা আনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। রবিবার (২৯ মার্চ) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইয়াসিন আরাফাত এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানীর খাগড়াবাড়িয়া গ্রামে মেহেদী হাসান রাসেল, এস এম সাজিদ ইয়াসিন ওরফে ইয়াসিন শেখ ও আব্দুল্লাহ শেখ।

আদালত জানায়, ২০২৩ সালের ১০ মার্চ গোপালগঞ্জের কাশিয়ানী থানায় আজিজুল ইসলাম মিয়া বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। পরে দীর্ঘ সময় ধরে তদন্ত ও স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক চাঁদাবাজ মেহেদী হাসান রাসেল ও তার দুই সহযোগী এস এম সাজিদ ইয়াসিন ও আব্দুল্লাহ শেখকে এ সাজা দেন।

মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম এ আলম সেলিম ও অ্যাডভোকেট ফয়সাল সিদ্দিকী। তারা দুইজনই রায়ে স্বস্তি প্রকাশ করেছেন।