দেশের ইতিহাসে রেকর্ড রেমিট্যান্স এলো মার্চে

চলতি বছর মার্চে দেশের ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। গত মাসে পৌনে ৪ বিলিয়ন মার্কিন ডলার বা ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশের ইতিহাসে এটি একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

এতে দেখা যায়, মার্চের পুরো সময়ে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের মাস ফেব্রুয়ারির চেয়ে প্রায় ৭৩ কোটি ৫০ লাখ ডলার বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের (২০২৫) মার্চ মাসে। সে সময় মোট ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার (৩.২৯ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল দেশে, দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল একই বছরের ডিসেম্বরে। ওই মাসে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার (প্রায় ৩.২৩ বিলিয়ন) রেমিট্যান্স। আর তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে চলতি বছরের জানুয়ারিতে। ওই মাসে ৩১৭ কোটি বা ৩.১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।