বিদেশি কোম্পানির পক্ষে বৈদেশিক মুদ্রায় গ্যারান্টি দিতে পারবে ব্যাংক

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম

বাংলাদেশে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রকল্পের কাজ পাওয়া বিদেশি কোম্পানির পক্ষে বৈদেশিক মুদ্রায় গ্যারান্টি ও স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এসবিএলসি) ইস্যু করতে পারবে ব্যাংক। 

এ বিষয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশি কোম্পানিকে দেওয়া চুক্তি বা ওয়ার্ক অর্ডারের বিপরীতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ, সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বা প্রকল্প/ক্রয়কারী প্রতিষ্ঠানের অনুকূলে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো গ্যারান্টি বা এসবিএলসি ইস্যু করতে পারবে। এ ক্ষেত্রে বিদেশি কোম্পানির স্থানীয় কৌশলগত অংশীদার, এজেন্ট বা অনুমোদিত প্রতিনিধি হিসেবে থাকা দেশীয় প্রতিষ্ঠানকে বিবেচনায় নেওয়া যাবে।

তবে স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে বিদেশি কোম্পানির বৈধ বাণিজ্যিক বা চুক্তিগত সম্পর্কের প্রমাণ থাকতে হবে। পাশাপাশি গ্যারান্টির বিপরীতে যথাযথ জামানত বা কাউন্টার-সিকিউরিটি নিশ্চিত করতে হবে।

গ্যারান্টি কার্যকর হলে সাধারণত টাকার সমপরিমাণ অর্থে দাবি পরিশোধ করতে হবে। তবে চুক্তিতে বৈদেশিক মুদ্রায় পরিশোধের শর্ত থাকলে আরটিজিএস-এর মাধ্যমে বৈদেশিক মুদ্রায় দাবি নিষ্পত্তি করা যাবে।

এ ধরনের গ্যারান্টি ইস্যুর ক্ষেত্রে ব্যাংকগুলোকে নিজস্ব ঋণনীতি, ঝুঁকি ব্যবস্থাপনা, নির্ধারিত একক গ্রাহক এক্সপোজার সীমা এবং প্রয়োজনীয় কর্তৃপক্ষের অনুমোদন নিশ্চিত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত