মঙ্গলবার সকালেও দায়িত্ব পালনের অংশ হিসেবে পূর্বাচলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্মাণাধীন স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপে সেই স্টেডিয়াম নিয়ে তার পরিকল্পনা, সাকিব আল হাসানকে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়াসহ অনেক বিষয় নিয়েই কথা বলেছেন। পূর্বের সূর্য অস্তাচলে যাবার আগেই পদ হারিয়ে ফেললেন বুলবুল। যে নির্বাচনের মাধ্যমে পরিচালক ও পরবর্তী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছিলেন বুলবুল, সেই নির্বাচনে অনেক অনিয়ম খুঁজে পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োজিত তদন্ত কমিটি। বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।
২০২৫ সালের ৬ অক্টোবর হয়ে যাওয়া নির্বাচনের মাধ্যমে বিসিবি সভাপতি পদে চার বছরের জন্য দায়িত্ব পেয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তার আগেই অবশ্য ২০২৫ সালের মে মাসের ৩১ তারিখে তৎকালীন ক্রিকেট বোর্ডের পরিচালকদের অনাস্থায় এবং জাতীয় ক্রীড়া পরিষদ মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার ফলে পদচ্যুত হন ফারুক আহমেদ। তার স্থলাভিষিক্ত করা হয় বুলবুলকে। শুরুতে টি-টোয়েন্টি ইনিংস খেলার কথা বললেও ‘বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে’ ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হয়ে বিসিবি নির্বাচনে পরিচালক পদে প্রার্থিতা প্রকাশ করেন বুলবুল। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার পর পরিচালকদের ভোটে সর্বসম্মতিক্রমে বিসিবি সভাপতি পদে পুনর্নির্বাচিত হন বুলবুল। যে নির্বাচনে ক্লাব সংগঠক ক্যাটাগরি থেকে ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর তামিম ইকবালও নিজের প্রার্থিতা প্রকাশ করেছিলেন। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তামিমসহ ১৫ জন নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ ১১ সদস্যের যে অ্যাডহক কমিটি ঘোষণা করেছে, তাতে তামিমসহ প্রার্থিতা প্রত্যাহার করা ছয়জন আছেন। এই ছয়জনের ভেতর তিনজনই বিএনপির তিন প্রভাবশালী নেতার সন্তান। ইসরাফিল খসরু অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে। মির্জা ইয়াসির আব্বাস বিএনপির উপদেষ্টা ও বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের ছেলে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ। এ ছাড়া তামিমের নেতৃত্বাধীন কমিটিতে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন পাপনের সময়েও বিসিবিতে থাকা ফাহিম সিনহা, তার চাচা মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম স্থান পেয়েছেন অ্যাডহক কমিটিতে। আছেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী, ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান সালমান ইস্পাহানি। ইন্দিরা রোড ক্রিকেট ক্লাবের কর্মকর্তা ও নির্বাচনকে অবৈধ ঘোষণা করে লিগে অংশগ্রহণ থেকে বিরত থাকা ক্লাব সংগঠকদের সংগঠনের জোরালো কণ্ঠস্বর রফিকুল ইসলাম বাবু আছেন অ্যাডহক কমিটিতে। আছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন এবং সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান।
এই কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন করবে বলে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার পরিচালক আমিনুল এহসান। তিনি বলেন, ‘আপনারা এতটুকু উপলব্ধি করতে পেরেছেন যে, বিসিবি নির্বাচনে কমিটি অনেকগুলো অনিয়ম করেছে। আপনারা জানেন এনএসসি বা জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশের সব ক্রীড়াকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য ফেডারেশনগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। কোনো অনিয়ম দেখা গেলে, সেক্ষেত্রে এনএসসি বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করতে পারে।’ এরপর আমিনুল ইসলাম বুলবুলের অধীন ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বলেন, ‘বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যে বিশ্বক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেইল পাঠিয়েছে। সেই ইমেইলে এ কমিটিকে ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।’ নিজেদের গৃহীত সিদ্ধান্ত আইসিসিও মেনে নেবে উল্লেখ করে বলেন, ‘ক্রিকেটের সার্বিক উন্নয়নের জন্য, জনমনে ক্রিকেট সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, মানুষের আশঙ্কা এবং সন্দেহ দূর করার জন্য এনএসসি এই উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি, আইসিসি থেকে এ বিষয়ে ইতিবাচক জবাব আমরা খুব শিগগির পেয়ে যাব।’
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বুলবুল জানিয়েছিলেন, একে একে সব পরিচালক পদত্যাগ করলেও তিনি শেষ পর্যন্ত থেকে যাবেন। তবে তার ‘ক্যারিং থ্রু দ্যা ইনিংস’ আর হলো না! এনএসসির ইয়র্কারে ক্লিন বোল্ড হয়ে গেলেন বুলবুল, মাত্র ছয় মাসেই বিদায় নিতে হচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে, হলো না তার ‘ট্রিপল সেঞ্চুরি’।
বিসিবির এই অ্যাডহক কমিটিকে আইসিসি শেষ পর্যন্ত সমর্থন দেবে কি না, সেটি নিয়েও আছে প্রশ্ন। ২০২৩ সালের নভেম্বরে ক্রিকেট বোর্ডের কার্যক্রমে সরকারের হস্তক্ষেপের কারণে এসএলসিকে নিষিদ্ধও করেছিল। ক্রীড়ামন্ত্রীর নির্দেশে বোর্ড ভেঙ্গে দেওয়ার পর আদালতের আদেশে ফের পুরনো পর্ষদকেই ফিরিয়ে আনা হয়। তবে বিশ্বকাপে না খেলা নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির যে দূরত্ব তৈরি হয়েছে, তাতে করে বুলবুলের পক্ষে জয় শাহ যে ব্যাট ধরবেন সেটিও জোর দিয়ে বলা যাচ্ছে না।