ঢাকা মেডিকেলে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ঢাকা মেডিকেলের চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। 

গঠিত কমিটিকে আগামী ১১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

কমিটির প্রধান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডীন অধ্যাপক ডা. নাদিম আহমেদকে। এদিকে, রাত ৮টা থেকে চালু হয়েছে জরুরি বিভাগের চিকিৎসা সেবা।

এর আগে, সন্ধ্যায় সংঘর্ষের কারণে তৈরি সংকট নিরসনে আলোচনায় বসেন হাসপাতালটির পরিচালক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, চিকিৎসক, ডাকসু নেতারা। এরপর রাত সোয়া ১০টার দিকে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ঢাকা মেডিকেলের চিকিৎসক এবং ঢাবি শিক্ষার্থীদের মধ্যকার ঘটনার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেটির প্রধান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডীন অধ্যাপক ডা. নাদিম আহমেদকে। এছাড়া কমিটিতে রয়েছেন ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ডিএমপির রমনার বিভাগের ডিসি।

তিনি আরও বলেন, কমিটিকে আগামী শনিবার প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন আনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।