রাজধানীর গুলিস্তানে জামায়াতে ইসলামীর মিছিলে বিএনপির স্থানীয় কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এতে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে জামায়াতের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করছে।
শনিবার ( ৪ জুলাই) বিকেলে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। বিষয়টি জানান জামায়াতের ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন।
সুমন জানান, বিএনপি'র কর্মীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিছুদিন আগে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। আজ স্থানীয় জামায়াত রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে তারা অতর্কিত হামলা চালায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তবে হামলার বিষয়ে বিএনপির স্থানীয় কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।