আল্লাহর সন্তুষ্টি লাভের ৬ উপায়

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের দুনিয়ার জীবনের লক্ষ্য-উদ্দেশ্য। এই সন্তুষ্টি অর্জনই জান্নাত লাভের চাবিকাঠি এবং চিরস্থায়ী সফলতার নিশ্চয়তা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভ মানে তার অনুগ্রহ ও ভালোবাসায় সিক্ত হওয়া, যা দুনিয়া ও আখেরাতে প্রশান্তি এনে দেয়। আল্লাহর সন্তুষ্টি লাভের ছয়টি উপায় উল্লেখ করা হলো।

আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা : মহান আল্লাহ বলেন, ‘মানুষের মধ্যে এমন কেউ আছে যে আল্লাহর সন্তুষ্টি কামনায় নিজেকে বিক্রি করে দেয়, আর আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু।’ (সুরা বাকারা ২০৭) নিজেকে আল্লাহর সন্তুষ্টর জন্য উৎসর্গ করা মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আনুগত্যকে অগ্রাধিকার দেওয়া। এর ফলে বান্দার জীবন সুখ ও শান্তিতে ভরে ওঠে।

নেতিবাচক গুণাবলি পরিহার : ইসা ইবনে মারিয়াম (আ.)-কে ইয়াহিয়া ইবনে জাকারিয়া (আ.) জিজ্ঞাসা করেছিলেন, ‘কীভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এবং তার অসন্তুষ্টি থেকে দূরে থাকা যায়?’ ইসা (আ.) বলেন, ‘রাগ করো না।’ তিনি আরও বলেন, রাগের উৎস হলো অহংকার, আত্মম্ভরিতা ও বড়াই। (আল-জামি ৯৮)

নেয়ামতের শোকরিয়া আদায় : রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ তার বান্দার প্রতি সন্তুষ্ট হন যখন সে খাবার খায় এবং তার জন্য আল্লাহর শোকরিয়া আদায় করে অথবা এক ঢোক পানি পান করে এবং সেটার জন্য আল্লাহর শোকরিয়া আদায় করে।’ (সহিহ মুসলিম) এই হাদিস থেকে বোঝা যায়, ছোট ছোট নেয়ামতের শোকরিয়া আদায় করাও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম।

অল্পে তুষ্ট থাকা : মালিক ইবনে দিনার ও মুহাম্মদ ইবনে ওয়াসি জীবনযাত্রা নিয়ে আলোচনা করছিলেন। মালিক বললেন, ‘একজন মানুষের জন্য সবচেয়ে ভালো হলো তার জন্য যথেষ্ট আয় থাকা।’ মুহাম্মদ ইবনে ওয়াসি বললেন, ‘ধন্য সেই ব্যক্তি, যে দুপুরের খাবার পায় কিন্তু রাতের খাবার পায় না, অথবা রাতের খাবার পায় কিন্তু দুপুরের খাবার পায় না, তবুও সে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে।’ (আর-রিদা আন আল্লাহ বিকাদায়িহি ৫৫)

হালাল উপার্জন করা : একটি হাদিসে বলা হয়েছে, ‘যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য ক্লান্ত হয়ে রাত্রি যাপন করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকেন।’ (ইসলাহুল মাল ৭৮)

পিতা-মাতার সন্তুষ্টি : রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহর সন্তুষ্টি পিতা-মাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে আর আল্লাহর অসন্তুষ্টি রয়েছে পিতা-মাতার অসন্তুষ্টির মধ্যে।’ (বায়হাকি) পিতামাতার দোয়া ও সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মহান রবের সন্তুষ্টি লাভই হলো মানবজীবনের শ্রেষ্ঠ পাথেয় এবং জান্নাতের একমাত্র চাবিকাঠি। ওপরে আলোচিত ছয়টি বিষয়ের ওপর অবিচল থাকা একজন মুমিনের নৈতিক ও ইমানি দায়িত্ব।

লেখক : ধর্মীয় নিবন্ধকার