কর্মই মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১২:২৫ এএম

মানুষের প্রতিটি কাজ ভবিষ্যৎকে প্রভাবিত করে। আজকের পরিশ্রম আগামী দিনের সাফল্যের পথ তৈরি করে। আবার আজকের অবহেলা ভবিষ্যতে অনুশোচনার কারণ হতে পারে। ইসলাম ভবিষ্যৎ সুন্দর করার জন্য কর্মমুখী হতে শেখায়। মহান আল্লাহ বলেন, ‘মানুষ যা চেষ্টা করে, তাই সে পায়। তার প্রচেষ্টার ফল অচিরেই দেখা হবে। তারপর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে।’ (সুরা নাজম ৩৯-৪১)

এই আয়াতগুলো মানুষের জীবনের একটি মৌলিক সত্য সামনে আনে। মানুষের চেষ্টা অর্থহীন নয়। তার সব সৎকর্মই আল্লাহর কাছে সংরক্ষিত রয়েছে। আবার অন্যায় ও গুনাহও হিসাবও রয়েছে।

দুনিয়ায় মানুষকে নানা পরিচয়ে মূল্যায়ন করা হয়। কেউ ধনী, কেউ দরিদ্র। কেউ ক্ষমতাবান, কেউ সাধারণ। কেউ বিখ্যাত পরিবারের সন্তান, কেউ অখ্যাত ঘরের। কিন্তু আল্লাহর কাছে মানুষের প্রকৃত মর্যাদা এসব পরিচয়ে নির্ধারিত হয় না। তার ইমান, তাকওয়া ও আমলই তার প্রকৃত মূল্য নির্ধারণ করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যা তোমার জন্য উপকারী, তার প্রতি আগ্রহী হও। আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং অক্ষম হয়ে যেয়ো না।’ (সহিহ মুসলিম)

দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে মানুষ যতটা চিন্তা করে, আখেরাতের ভবিষ্যৎ নিয়ে তার চেয়ে বেশি চিন্তা করা প্রয়োজন। কারণ দুনিয়ার জীবন সীমিত। আখেরাতের জীবন অনন্ত। বিষয়টি মুমিনকে নিজের প্রতিটি কাজ নিয়ে ভাবতে শেখায়। আমি কী বলছি? কী দেখছি? কী উপার্জন করছি? কীভাবে সময় কাটাচ্ছি? মানুষের সঙ্গে কেমন আচরণ করছি? আল্লাহর ফরজ বিধানগুলো কতটা পালন করছি? এসব প্রশ্নের উত্তরই একদিন আমলনামায় প্রকাশ পাবে।

মানুষের জীবনে ভুল থাকে। কেউ গুনাহ করেছে। কেউ দায়িত্বে অবহেলা করেছে। কেউ জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছে। কিন্তু অতীতের ভুল ভবিষ্যতের দরজা বন্ধ করে দেয় না। আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন। তিনি বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন।’ (সুরা বাকারা ২২২)

তাই একজন মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে, তখনই তার ফিরে আসা উচিত। গতকাল কেমন ছিল, সেটি গুরুত্বপূর্ণ। কিন্তু আজ সে কী করছে, সেটি আরও গুরুত্বপূর্ণ। কারণ আজকের আমলই আগামী দিনের পথ তৈরি করবে।

কখনো ভালো কাজ করে মানুষ তাৎক্ষণিক কোনো ফল পায় না। এতে হতাশ হওয়ার কারণ নেই। আল্লাহর কাছে কোনো সৎকর্মই মূল্যহীন নয়। মানুষের চোখে যে কাজ সামান্য, আল্লাহর কাছে সেটিই হয়তো তার নাজাতের কারণ হতে পারে।

মানুষের ভবিষ্যৎ কেবল তার স্বপ্ন দিয়ে তৈরি হয় না। তার কর্ম, চেষ্টা ও সিদ্ধান্তই সেই ভবিষ্যতের ভিত্তি গড়ে। আজকের একটি ভালো সিদ্ধান্ত আগামী দিনের জীবন বদলে দিতে পারে। আজকের তওবা আখেরাতের পরিণতি পাল্টে দিতে পারে। আজকের একটি সৎকর্ম আমলনামায় এমনভাবে জমা হতে পারে, যার মূল্য মানুষ কেয়ামতের দিন উপলব্ধি করবে।

লেখক : ইসলামি গবেষক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত