জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। বগুড়া-৬ আসনে রেজাউল করিম বাদশা আর শেরপুর-৩ আসনে মাহমুদুল হক রুবেল জয়ী হয়েছেন।
ভোটগ্রহণে ব্যাপক কারচুপি, কেন্দ্র দখল এবং পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে এই নির্বাচনকে বিতর্কিত ‘মাগুরা মার্কা’ নির্বাচনের সঙ্গে তুলনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় সংসদ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে তাদের দেওয়া বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম পরাজয় নিশ্চিত জেনে বিরোধী দলের প্রার্থীরা নির্বাচন বর্জন করেছে জানিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে নির্বাচন বয়কটের পুরান রেওয়াজ থেকে সরে আসার আহ্বান জানান।
হামলা, জালভোট, কারচুপি এবং ভোট বর্জনের অভিযোগ সম্পর্কে নির্বাচন কমিশন জানিয়েছে, এসব বিষয় খতিয়ে দেখতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে সাধারণ নির্বাচন হয়। এর মধ্যে শেরপুর-৩ আসনে প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত করা হয়। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়। গতকাল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই আসনে ভোটগ্রহণ হয়।
বগুড়া-৬, ৭৬ হাজারের বেশি ভোট পেয়ে বিএনপি প্রাথী জয়ী : বগুড়া প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। বিএনপির প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৬ হাজার ৭৭২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ফুলকপি প্রতীকে আল আমিন তালুকদার পেয়েছেন ৫২৬ ভোট।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭জন। ১৯৩ হাজার ৩২৬ জন ভোটার ১৫১টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৪২.৫৮ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
রাত ৯টার দিকে উপনির্বাচনের ফল ঘোষণা করেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।
বগুড়া-৬ আসনে কেন্দ্র দখল ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেন জামায়াতের প্রার্থী। রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তুলে আবিদুর রহমান সোহেল বলেন, ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফল শিটে আগেই পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়েছে।
শেরপুর-৩ আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জয়ী : শেরপুর প্রতিনিধি জানান, শেরপুর-৩ আসনের নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীক নিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ১৫ হাজার ৭৩৪ জন ভোটার। এর মধ্যে বৈধ ভোট ২ লাখ ১৩ হাজার ৬৪৮ এবং বাতিল হয়েছে ২ হাজার ৮৬ ভোট। ভোটের হার শতকরা ৫২.১৯ পারসেন্ট।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদ রুবেল এ নিয়ে চতুর্থবারের মতো বিজয়ী হলেন।
বেলা ১১টায় শ্রীবরদী উপজেলার তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ভোটের সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং চলছে। বিভিন্ন ভোটকেন্দ্রে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রে আমার ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে জাল ভোট দেওয়া হচ্ছে। বিকেল ৩টায় জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে করে ভোট বর্জনের ঘোষণা দেন।
জামায়েতের ভোট বর্জনের বিষয়ে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, নিশ্চিত পরাজয় জেনে জামায়াতের প্রার্থী ভোট বর্জন করেছেন। একই সঙ্গে তিনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পাঁয়তারা করছেন বলে জানায়।
সংসদে অভিযোগ, শেরপুর-বগুড়ায় ‘মাগুরা মার্কা’ নির্বাচন হয়েছে : বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণে ব্যাপক কারচুপি, কেন্দ্র দখল এবং পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় সংসদ সদস্যরা। এই নির্বাচনকে ১৯৯৪ সালের বিতর্কিত ‘মাগুরা মার্কা’ নির্বাচনের সঙ্গে তুলনা করে বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
গতকাল বৃহস্পতিবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান এবং হান্নান মাসউদ উপনির্বাচনের অনিয়ম নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে সরকারি দল প্রশাসনের যোগসাজশে ভোট ডাকাতির উৎসবে মেতেছে।
নাজিবুর রহমান বলেন, আমরা ভেবেছিলাম নতুন সংসদীয় যাত্রায় স্বচ্ছতা ফিরবে, কিন্তু আজকের উপনির্বাচন প্রমাণ করল ‘মাগুরা মডেল’ এখনো বিদ্যমান। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে এবং আমাদের এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। অধিকাংশ কেন্দ্রে বিরোধীদলীয় প্রার্থীর পোলিং এজেন্টদের প্রবেশ করতে বাধা দেওয়া এবং অনেককে কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। প্রশাসন নির্লিপ্ত ছিল। পুলিশের সামনেই বহিরাগতদের কেন্দ্র দখল এবং ব্যালটে সিল মারার ঘটনা ঘটলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে গেলে তাদের ভোট দেওয়া হয়ে গেছে বলে জানানো হয়।
জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বলেন, পরাজয় নিশ্চিত জেনে বিকেল ৪টায় নির্বাচন বর্জন করেছে বিরোধী দলের প্রার্থীরা। আমি আমি বিরোধী দলের বন্ধুদের বলতে চাই, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে নির্বাচন বয়কটের পুরান রেওয়াজ থেকে সরে আসুন। যেহেতু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই বিএনপি সরকারের সময় হচ্ছে। সরকারের ৪৫ দিনের মাথায় বিএনপির একটা টেস্ট ম্যাচ ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি টেস্ট ম্যাচ যে ৪৫ দিনের ফল কি? এই ফল বাংলাদেশের জনগণ যখন ধানের শীষের পক্ষে দিচ্ছিল তখন তারা ঠিক বিকেল ৪টার পরে নির্বাচন বর্জন করে কি প্রমাণ করতে চাইছে। এটা আমার জানা নেই।’
জামায়াতের অভিযোগ : বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনে জাতীয় সংসদের উপনির্বাচনে সরকারি দল বিএনপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি। গতকাল মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, একটি নির্বাচিত সরকারের অধীনে বগুড়া এবং শেরপুর দুটি আসনের উপনির্বাচনে কিছু গুরুতর অনিয়ম ভোট কারচুপি, জালভোট, এজেন্টদের বের করে দেওয়া, সকালেই সিটে স্বাক্ষর নিয়ে নেওয়ার মতোই অনেক আপত্তিকর ঘটনা ঘটছে, যা খুবই দুঃখজনক।
অভিযোগ খতিয়ে দেখার কথা জানাল ইসি : দুই নির্বাচনে উত্থাপিত অভিযোগের বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা খতিয়ে দেখা শুরু করেছি। আই অলরেডি আসকড ফর দ্য রিপোর্ট ফ্রম মাই রেসপেক্টেড অফিসারস। দ্যাটস অল।’