রেসিপি দিয়েছেন ইসরাত জাহান মৌ
শিমের ভর্তা
উপকরণ
মৌ শিম ৪টি, পেঁয়াজ কুচি মাঝারি আকারের ২টি, শুকনা মরিচ ৪টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সরিষা তেল ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
প্রথমে শিমগুলো কেটে ধুয়ে সেদ্ধ করে নিন, তারপর সেদ্ধ হলে ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভেজে নিন, ভেজে বাটায় বেটে নিয়ে মরিচ, পেঁয়াজ, ধনেপাতা, সরিষার তেল দিয়ে মাখিয়ে পরিবেশন করুন।
হাঁস ভুনা
উপকরণ
হাঁসের মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ বাটা ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ বাটা ১ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে বাটা ১ চা চামচ, গোলমরিচ বাটা সিকি চা চামচ, তেজপাতা ১টি, দারুচিনি ৩ টুকরা, এলাচ ৩টি, মেথি ১ চিমটি, কালোজিরা ১ চিমটি, মিষ্টি জিরা ১ চা চামচ, রাঁধুনী ১ চিমটি, নরমাল জিরা ১ চিমটি, জয়ত্রী ১ চিমটি, জায়ফল চার ভাগের ১ ভাগ, নারিকেল দুধ ১ কাপ, সরিষার তেল আধা কাপ, কারি মসলা ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন : বাটা মসলা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবণ ও মাংস তেল দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে ঢেকে চুলায় দিয়ে রান্না করুন। চুলার আঁচটা মাঝারি আকারে থাকবে। মাংস অর্ধেক সেদ্ধ হলে মেথি, কালোজিরা, মিষ্টি জিরা, নরমাল জিরা, রাঁধুনী একটু শুকনা টেলে গুঁড়া করে মাংসে দিয়ে দিতে হবে। নারিকেল দুধটাও দিয়ে আবার মৃদু আঁচে ঢেকে রান্না করুন। প্রয়োজন হলে পানি দিতে হবে। নয়তো একটু পরপর নেড়েচেড়ে কষিয়ে রান্না করুন। যখন তেল ওপরে উঠে আসবে আর মাংস সেদ্ধ হবে, তখন নামিয়ে পরিবেশন করুন।
টাকি মাছের ভর্তা
উপকরণ
টাকি মাছ মাঝারি আকারের ২টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৫টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, সরিষার তেল ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
প্রথমে মাছ কেটে ধুয়ে নিন। কড়াইতে ১ টেবিল চামচ তেল দিয়ে মাছগুলো ভেজে নিন। একটু ঠা-া হলে কাঁটা বেছে পেঁয়াজ কাঁচামরিচ কুচি ও স্বাদমতো লবণ দিয়ে মাছগুলোর সঙ্গে মাখিয়ে নিন। এরপর আবার ধনেপাতা কুচি দিয়ে আবার একটু মাখুন।
শোল মাছের কুডি বিরান
উপকরণ
শোল মাছ মাঝারি আকারের ২টি, আলু কিউব করে কাটা ১ কাপ, আদা ও রসুন বাটা মেলানো ২ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চাম, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ৪টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
প্রথমে মাছ কেটে ধুয়ে ছোট ছোট কিউব করে কেটে নিন। তারপর হলুদ-মরিচ ১ চিমটি, লবণ দিয়ে মেখে ফ্রাইপ্যানে সেলো ফ্রাই করে ভেজে নেব, একইভাবে আলুগুলো ভেজে নিন। তারপর কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে একে একে মসলাগুলো দিয়ে একটু পানি দিয়ে মসলাটা কষিয়ে মাছ আলু দিয়ে একটু উল্টেপাল্টে ঢেকে দিয়ে ভুনা ভুনা করুন। খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ে লেগে-পুড়ে না যায়। তারপর একদম কষ কষা হলে পানি শুকিয়ে এলে কাঁচামরিচ চিরে দিন, ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলুন।