পুরুষ দলের প্রথম নারী প্রধান কোচ মেরি-লুইসের ইতিহাস

জার্মান ফুটবলের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। বুন্দেসলিগার ক্লাব ইউনিয়ন বার্লিন তাদের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে মেরি-লুইস ইটা-কে নিয়োগ দিয়েছে। এর মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে প্রথম নারী হিসেবে কোনো পুরুষ ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন তিনি।

লিগে টিকে থাকার লড়াইয়ে থাকা ইউনিয়ন বার্লিন শনিবার রাতে হাইডেনহেইমের কাছে ৩-১ গোলে পরাজিত হওয়ার পর কোচ স্টিফেন বাউমগার্টকে বরখাস্ত করে। তার স্থলাভিষিক্ত হলেন ৩৪ বছর বয়সী ইটা।

ইটা এর আগেও ইউনিয়ন বার্লিনের হয়ে ইতিহাস গড়েছিলেন। ২০২৩ সালে তিনি বুন্দেসলিগার প্রথম নারী সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এবার তিনি অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দলের হাল ধরলেন। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হর্স্ট হেল্ট জানান, আগামী মৌসুম থেকে ইটা ক্লাবের নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল, তবে বর্তমান পরিস্থিতিতে তাকে পুরুষ দলের দায়িত্ব দেওয়া হয়েছে।

ইউনিয়ন বার্লিন বর্তমানে লিগ টেবিলের ১১তম স্থানে থাকলেও অবনমন অঞ্চল থেকে তারা মাত্র ৭ পয়েন্ট দূরে। হাতে আছে আর মাত্র পাঁচটি ম্যাচ। এই কঠিন সময়ে ইটা বলেন, 'বুন্দেসলিগায় টিকে থাকা এখনো নিশ্চিত নয়। তবে ক্লাব আমার ওপর যে বিশ্বাস রেখেছে তাতে আমি আনন্দিত। ইউনিয়নের শক্তি হলো প্রতিকূল পরিস্থিতিতে সবাই মিলে ঝাঁপিয়ে পড়া। আমি নিশ্চিত আমরা প্রয়োজনীয় পয়েন্ট তুলে নিতে পারব।'

আগামী সপ্তাহে টিকে থাকার লড়াইয়ে থাকা আরেক দল উলফসবার্গের বিপক্ষে মাঠে নামবে ইউনিয়ন বার্লিন। ফুটবল বিশ্বের নজর এখন থাকবে ইটার দিকে, যিনি কেবল একটি ম্যাচ জয়ের জন্যই নয়, বরং ফুটবল বিশ্বের প্রচলিত ধারণা ভাঙার লড়াইয়েও নেমেছেন।