সাভারে কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারে কোটি টাকার হেরোইনসহ হৃদয় হোসেন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেন। এরআগে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের পশ্চিম রাজাশন এলাকার আমতলা পালোয়ানপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. হৃদয় হোসেন (২৭) সাভারের দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার মতির ছেলে। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের পশ্চিম রাজাশন এলাকায় র‍্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় হৃদয়কে আটক করে এবং লুকিয়ে রাখা ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।

র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।