অ্যানফিল্ডে আজ ‘অসাধ্য সাধনের’ মিশনে লিভারপুল

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পিএম

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট পেতে আজ রাতে এক কঠিন পরীক্ষায় নামছে লিভারপুল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠ অ্যানফিল্ডে তাদের প্রতিপক্ষ পিএসজি। প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকায় অলৌকিক কিছুর স্বপ্ন ছাড়া অলরেডদের সামনে আর কোনো পথ খোলা নেই। তবে সেই স্বপ্ন পূরণে কোচ আর্নে স্লটকে আজ হতে হবে চরম সাহসী।

প্যারিসে প্রথম লেগে পাঁচ ডিফেন্ডার খেলানোর যে পরীক্ষা স্লট করেছিলেন, তা বুমেরাং হয়ে ফিরে এসেছে। রক্ষণাত্মক কৌশলের কারণে লিভারপুলকে পুরো ম্যাচে অসহায় দেখিয়েছে। আজ নিজের চেনা আঙিনায় সেই খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে তাকে। ফুটবল বিশ্লেষকদের মতে, শুরুতে গোল আদায় করতে না পারলে ম্যাচে ফেরা অসম্ভব হবে। আর তার জন্য আক্রমণভাগে মোহাম্মদ সালাহ এবং তরুণ প্রতিভা রিয়ো এনগুমোহাকে শুরু থেকেই নামানোর দাবি উঠেছে।

মোহাম্মদ সালাহ এই মৌসুমে নিজের ছায়া হয়ে থাকলেও ২০টি গোলে সরাসরি অবদান রেখে নিজের জাত চিনিয়েছেন। বড় ম্যাচের চাপ সামলানোর অভিজ্ঞতা তার চেয়ে বেশি আর কারো নেই। অন্যদিকে, ১৭ বছর বয়সী রিয়ো এনগুমোহা এখন অ্যানফিল্ডের নতুন সেনসেশন। ফুলহামের বিপক্ষে চোখধাঁধানো গোল করে ইতিহাস গড়া এই কিশোর এখন প্রতিপক্ষের রক্ষণ ভাঙার অন্যতম বড় হাতিয়ার।

খোদ কোচ আর্নে স্লট এনগুমোহাকে নিয়ে বলেছেন, ‘এনগুমোহার মধ্যে বিরল এক প্রতিভা আছে যা আধুনিক ফুটবলে খুব একটা দেখা যায় না। সে যেকোনো মুহূর্তে প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে পারে এবং এখন সে বড় ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত।’

লুইস দিয়াস দল ছেড়ে বায়ার্নে যাওয়ার পর বাম প্রান্তে লিভারপুলের গতি কিছুটা কমেছে। সেই শূন্যস্থান পূরণ করতে পারেন এনগুমোহা। রাইট-ব্যাকে জেরেমি ফ্রিম্পংয়ের গতি পিএসজিকে চাপে ফেলতে পারে। মাঝমাঠে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, রায়ান গ্র্যাভেনবার্চ এবং ফ্লোরিয়ান উইর্টজদের সৃজনশীলতার ওপর নির্ভর করবে ম্যাচের ভাগ্য।

অ্যানফিল্ডে লিভারপুলের ঘুরে দাঁড়ানোর ইতিহাস অনেক পুরোনো। বার্সেলোনা বা এসি মিলানের বিপক্ষে করা সেই অসাধ্য সাধন কি আজ পিএসজির বিপক্ষেও করতে পারবেন সালাহ-এনগুমোহারা? ফুটবল বিশ্ব তাকিয়ে আছে আজকের এই ডু অর ডাই ম্যাচের দিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত