ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎগ্রহণ শুরু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎকার নিচ্ছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা।
সাক্ষাৎকার ঘিরে দুপুরের পর থেকেই কার্যালয় প্রাঙ্গণে মনোনয়নপ্রত্যাশীদের উপচেপড়া ভিড়।
দলের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়- আজ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) প্রথমদিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এতে মনোনয়ন বোর্ডে ছিলেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যরা। আজও তারা রয়েছেন বলে জানা গেছে।
সাক্ষাৎকার দেওয়া কয়েকজন মনোনয়নপ্রত্যাশী জানান, বিগত আন্দোলনে তারা রাজপথে ছিলেন। বিএনপির পক্ষে জনমত গঠন করেছেন। তাই তারা মনোনয়ন পেতে আশাবাদী।
দলীয় সূত্রে জানা যায়, মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা দিয়েছেন প্রায় ৯০০ জন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের জামানত হিসেবে দিতে হয় ৫০ হাজার টাকা।
গত ৮ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। এ ছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে, বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে।