হেরা কালচারালে দর্শকদের প্রধান আকর্ষণ কাবার দরজার প্রতিরূপ

পবিত্র মক্কা নগরীর হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত পবিত্র কোরআন জাদুঘরে প্রদর্শিত কাবার দরজার একটি সুনিপুণ প্রতিরূপ বর্তমানে দর্শনার্থীদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

১৬ এপ্রিল সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইসলামী সভ্যতার অনন্য সৃজনশীলতা ও আধ্যাত্মিক মহিমা তুলে ধরার লক্ষ্যেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে কর্র্তৃপক্ষ। মূলত কাবার মূল দরজার শৈল্পিক কারুকাজ সাধারণ মানুষের কাছে পরিচিত করতে এই প্রতিরূপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কাবার মূল দরজাটির ঐতিহাসিক প্রেক্ষাপট অত্যন্ত সমৃদ্ধ। ১৯৭৯ সালে মরহুম বাদশাহ খালিদ বিন আবদুল আজিজের শাসনামলে এটি তৈরি করা হয়েছিল। সম্পূর্ণ খাঁটি সোনায় নির্মিত সেই মূল দরজায় অত্যন্ত সূক্ষ্ম ইসলামী নকশা এবং পবিত্র কোরআনের আয়াত খচিত রয়েছে। জাদুঘরে প্রদর্শিত এই প্রতিরূপটিতেও সেই মূল দরজার আদলে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত এবং আরবি ক্যালিগ্রাফির চমৎকার কাজ ফুটিয়ে তোলা হয়েছে। এটি তৈরির ক্ষেত্রে এক বিশেষ শিল্পশৈলী অনুসরণ করা হয়েছে, যা দর্শকদের মুগ্ধ করছে।

এই প্রদর্শনীতে আরবি ক্যালিগ্রাফির যে সৌন্দর্য ফুটে উঠেছে, তা মূলত পবিত্র কোরআন সংরক্ষণের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিরূপটিতে খোদাই করা আয়াতগুলো এমনভাবে সুবিন্যস্ত করা হয়েছে, যা নকশার ভারসাম্য এবং উচ্চমানের কারুকার্যের প্রমাণ দেয়। আয়াতগুলোর চারপাশে থাকা জ্যামিতিক ও লতাপাতার নকশা এতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। কাবার মর্যাদা ও পবিত্রতা মুসলিম উম্মাহর হৃদয়ে যেমন গভীর, এই শিল্পকর্মটিও সেই আধ্যাত্মিক অনুভূতির বহিঃপ্রকাশ হিসেবে গণ্য হচ্ছে। হেরা কালচারাল ডিস্ট্রিক্টের এই উদ্যোগটি ইসলামী ঐতিহ্য ও আধুনিক উপস্থাপনার এক চমৎকার নিদর্শন হিসেবে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ এই ক্যালিগ্রাফি ও কারুকার্য খচিত চমৎকার নিদর্শনটি দেখতে জাদুঘরে ভিড় করছেন। এটি কেবল একটি প্রতিরূপ নয়, বরং ইসলামী ক্যালিগ্রাফি ও ঐতিহ্যের এক জীবন্ত দলিল হিসেবে দর্শকদের কাছে সমাদৃত হচ্ছে। হেরা কালচারাল ডিস্ট্রিক্ট এই প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববাসীর কাছে ইসলামী শিল্পকলার এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরতে সক্ষম হয়েছে।

লেখক : মাদ্রাসাশিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক