মানব জীবনে দুশ্চিন্তা ও বিপদ খুব স্বাভাবিক একটি বিষয়। সবসময় এসব থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া মুমিনের কর্তব্য। রাসুল (সা.) এসব পরিস্থিতি থেকে মুক্তির জন্য বিভিন্ন দোয়া করতেন। সেগুলোর মধ্যে একটি হলো, ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়া আউজুবিকা মিনাল আজযি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আউজুবিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল।’
অর্থাৎ হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে। আমি আশ্রয় চাই কাপুরুষতা ও কৃপণতা থেকে। আর আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের অত্যাচার থেকে। (সহিহ বুখারি)
দুশ্চিন্তা ও বিপদের সময় রাসুল (সা.) আরেকটি দোয়া বেশি বেশি পড়তেন। দোয়াটি হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারিম।’
অর্থাৎ মহান পরাক্রমশালী আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আকাশমণ্ডলী ও পৃথিবীর অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি মহান আরশের অধিপতি।
হজরত আবদুল্লাহ বিন আব্বাস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) কঠিন বিপদের সময়ে দোয়াটি পড়তেন। (সহিহ বুখারি)
তাই আসুন, বিপদ ও দুশ্চিন্তার সময় হতাশ না হয়ে এই দোয়াগুলোর মাধ্যমে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। তিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন।
লেখক : ইসলামি গবেষক